দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে বুধবার পর্যন্ত ৬৯টি মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আইন বিশ্লেষকরা বলছেন, এক ঘটনায় নানা জায়গায় এতো মামলা করাটা হয়রানি ছাড়া আর কিছুই না। আর কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে পশ্চিমাদের তথাকথিত যে শঙ্কা রয়েছে, এই ঘটনায় সেটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে অজান্তেই।
গত ৯ দিনে মাহফুজ আনামের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে মোট মামলা হয়েছে ৬৯টি। এরমধ্যে ১৭ ফেব্রুয়ারি ১৩টি, ১৬ ফেব্রুয়ারি ২১টি, ১৫ ফেব্রুয়ারি ১৭টি, ১৪ ফেব্রুয়ারি ১৩টি, ১১ ফেব্রুয়ারি ৩টি ও ৯ ফেব্রুয়ারি ২টি মামলা হয়। সব মামলাই হয়েছে হাকিম আদালতে। প্রায় সব মামলার বাদীই ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী, আইনজীবী। মামলাগুলো আমলে নিয়ে এরই মধ্যে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং সমনও জারি করা হয়েছে।
উল্লেখ্য, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিককে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’। তার ওই স্বীকারোক্তির পর আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি নেতারাও ডেইলি স্টার এবং পত্রিকাটির সম্পাদকের ওই ভূমিকার সমালোচনায় মুখর হন।
এমনকি এ ঘটনায় ডেইলি স্টার বন্ধের দাবি উঠেছে জাতীয় সংসদ থেকে। পাশাপাশি একই অপরাধে পত্রিকাটির সম্পাদক-প্রকাশক মাহফুজ আনামের পদত্যাগ, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের ও বিচারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করার দাবি করেছেন সংসদ সদস্যরা।
ফজলে নূর তাপস এমপি অবিলম্বে মাহফুজ আনামের পদত্যাগ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করে তার বিচার দাবি করেন। তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় মিথ্যা অপবাদ দিতে সাজানো গল্প ছাপানো ও মিথ্যা প্রচারণা চালানোর জন্য অবিলম্বে মাহফুজ আনামের পদত্যাগ এবং অনতিবিলম্বে পত্রিকাটি বন্ধের দাবি করছি।’
এরপর থেকে প্রতিদিনই তার বিরুদ্ধে সারাদেশের আদালতে মামলা হচ্ছে। গড়ে প্রতিদিন ৮-১০টি মামলা দায়ের অব্যাহত আছে তার বিরুদ্ধে। বুধবারও মামলা হয়েছে ১২টি।
মানহানি ও ক্ষতিপূরণের মামলাগুলো দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় এবং রাষ্ট্রদ্রোহের মামলা চূড়ান্তভাবে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় এখনও কোনও রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি দেয়নি।
একই বিষয়ে এতো জায়গায় মামলা প্রসঙ্গে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বাংলাদেশের প্রচলিত আইন এবং সংবিধান অনুযায়ী কোনও ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধে একাধিক মামলা হতে পারে না। ৬০-৭০টি মামলা হয়রানি ছাড়া আর কিছু না। তাছাড়া যারা মামলা নিচ্ছেন, তারা কেনো একই ঘটনায় একাধিক মামলা নিচ্ছেন সেটাও বোধগম্য নয়।
মামলাগুলোয় কী ধরনের পরিণতি হতে পারে- এমন প্রশ্নে আইনজীবী শ. ম. রেজাউল করিম বলেন, এখনও আমি আবেদনের কোনও কপি দেখিনি। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যারা জড়িত তাদের ইচ্ছা অনিচ্ছা ও মর্জির ওপর নির্ভর করে। যে কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও সেটা কার্যকর হয় না।
মানহানি মামলা কেবল যার মানহানি হয় তিনিই করতে পারেন, নাকি যে কেউ করতে পারেন- এ প্রশ্নে অ্যাডভোকেট সাহেদুর রহমান বলেন, যে কেউ করতে পারেন, যদি তিনি দেখাতে পারেন যার মানহানি ঘটেছে তার সঙ্গে আবেদনকারী ব্যক্তির ইন্টারেস্ট আছে এবং তাকে সাক্ষী মেনে মামলা করা সম্ভব। কেবল যার মানহানি হলো তাকেই মামলা করতে হবে এমন না।
এ ধরনের মামলা রাষ্ট্রের ভাবমূর্তির জন্য সমস্যাজনক হতে পারে উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন, এটা অত্যন্ত বেদনার এবং একেবারেই অনভিপ্রেত বিষয় চলছে। মনে হচ্ছে মাহফুজ আনাম ভুলটা যে কোনওভাবে স্বীকার করেই যেন বিপদে পড়ে গেলেন। ভুল স্বীকার করে যে সমাজ সেটা উন্নত সমাজ। আমরা সেটাও বন্ধ করে দিচ্ছি।
ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম বলেন, একজন সম্পাদকের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের পরিস্থিতি যদি তৈরি করা হয়, সেটা হবে অত্যন্ত দুঃখের। ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত বলে যে শঙ্কার কথা বারবার জানিয়ে আসছিল, অগোচরে আমরা সেটাই প্রতিষ্ঠা করতে সহায়তা করছি কিনা সেই শঙ্কা থাকছে।
মাহফুজ আনামের বিরুদ্ধে বিভিন্ন জেলায় দায়ের করা মামলার সংক্ষিপ্ত বিবরণ
জেলা | মামলার বিবরণী | আদালতে সিদ্ধান্ত |
কুড়িগ্রাম | রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল। | অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে সরকারের অনুমোদন নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী দিন ১৫ মার্চ |
কুষ্টিয়া | ‘আমরা মুজিব সেনা’র জেলা সভাপতি আসাদুল হক সোলেমান বাদী হয়ে ৫০ হাজার কোটি টাকার মানহানি মামলা করেছেন।
| কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়েছেন |
সিলেট | জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ বাদী হয়ে ১৫০ কোটি টাকার মানহানি মামলাটি করেছেন। এর আগে এইখানেই আরো দুটি মানহানির মামলা হয়েছে। | সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খুদা মামলাটি আমলে নিয়ে অধীনস্থ অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্টেটকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। |
রংপুর | জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা বাদী হয়ে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। | রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে ১ মার্চ মাহফুজ আনামকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। |
টাঙ্গাইল | টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ ও ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। | আদালত মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। |
খাগড়াছড়ি | চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলাটি করেন জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা। | আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন এবং আগামী ১৬ মার্চ মাহফুজ আনামকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। |
লক্ষ্মীপুর | কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু বাদী হয়ে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। | লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমাণ রেখেছেন। |
সুনামগঞ্জ | সুনামগঞ্জ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম। | আদালত মামলাটি গ্রহণ করলেও সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। |
নীলফামারী | ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল হামিদ দুই কোটি টাকার মানহানির মামলা করেছেন। | সিনিয়র জুডিশিয়াল আদালত মামলাটি আমলে নিয়ে ৪ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডোমার থানার ওসিকে নির্দেশ দেন। |
চাঁপাইনবাবগঞ্জ | সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাবুল হক বুলি চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেছেন। | আদালত মামলাটি আমলে নিয়ে ২৮ এপ্রিল মাহফুজ আনামকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। |
পঞ্চগড় | দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন। | পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানার ওসিকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। |
ঠাকুরগাঁও | জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন। | আদালত সরকারের অনুমোদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেন। |
নাটোর | সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ বাদী হয়ে গতকাল ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। | সিনিয়র জুডিশিয়াল আদালত মামলাটি আমলে নিয়ে ৩০ মার্চের মধ্যে মাহফুজ আনামকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। |
মৌলভীবাজার | জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা তারেক আহমদ চৌধুরী ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। | অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়ে ২২ মার্চের মধ্যে বিষয়টি তদন্ত করতে সদর মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। |
রাজশাহী | মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করেছেন। | মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। |
কক্সবাজার | মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সরওয়ার আজম এক কোটি টাকার মানহানির মামলা করেছেন। | কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মামলাটি আমলে নিয়ে সহকারী পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। |
নেত্রকোণা | অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আলমগীর কবীর শিপনের আদালতে দণ্ডবিধির ১২০ (ক) ও ১২৪ (ক) ধারায় মামলা করেন জেলা জজ আদালতের পিপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল।
| আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলার তদন্তের জন্য নেত্রকোণা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়ে ১৫ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলেছে। |
নেত্রকোনা | রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন একই ব্যক্তি | সেটা স্বরাষ্ট্রমনন্ত্রনালয়ে অনুমোদন সাপেক্ষে তদন্তের নির্দেশ |
শরিয়তপুর | জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম মিঠু কোতোয়াল ও জাজিরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মাদবর | “অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া মামলা তিনটি আমলে নিয়ে এর মধ্যে দুই মামলায় মাহফুজ আনামকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।”
|
নারায়ণগঞ্জ | মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া। | সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে তিনি এ মামলা করেন। |
যশোর | চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুটি পিটিশন মামলা করেন। | সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় মিস্ত্রীর আদালতে তারা এ পিটিশন দাখিল করেন। ৬ মার্চ আদালতে হাজিরার জন্য সমন জারি করা হয়েছে |
কুমিল্লা | মানহানির দুটি মামলা করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি এবং দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন। একই কারণে মাহফুজ আনামের বিরুদ্ধে কুমিল্লার আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়।
| কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালত ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতের বিচারক শুভ্রা চক্রবর্তী মামলাটি আমলে নিয়ে জেলা তথ্য অফিসারকে তদন্ত করে ২৭ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। |
মানিকগঞ্জ | মাহফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাদরুল ইসলাম খান বাবলু।
| মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো.আব্দুল হাই মামলাটি তদন্ত করে ২০ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানকে নির্দেশ দিয়েছেন। |
হবিগঞ্জ | মাহফুজ আনামের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। আদালতে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বেনু বাদী হয়ে এ মামলা করেন। | হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা মামলাটি আমলে নিয়ে সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়ে মামলার পরবর্তী তারিখ আগামী ১৮ এপ্রিল নির্ধারণ করেন।
|
বাগেরহাট | মাহফুজ আনামের নামে বাগেরহাট আদালতে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনির হোসেন। | সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদের আদালতে তিনি এ মামলা করেন। |
শেরপুর | রাষ্ট্রদ্রোহের অভিযোগে দ্য ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে শেরপুরে মামলা দায়ের হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ারুল হাসান উৎপল বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের আদালতে এ মামলা করেন | বিচারক মামলাটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তদন্তপূর্বক নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। |
কিশোরগঞ্জ | ১০০ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হেলালুজ্জামান হেলাল বাদী হয়ে কিশোরগঞ্জের আমলি আদালত-১ এ মামলাটি করেন। | মামলাটি আমলে নিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবর আগামী ৯ মার্চ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। |
লালমনিরহাট | অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিচারক মেহেদী হাসান মন্ডলের আদালতে ‘রাষ্ট্রদ্রোহ’ও ১০০ কোটি টাকার ‘মানহানি’ মামলা দায়ের হয়েছে। দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরিফুল ইসলাম রাজু বাদী হয়ে মামলাটি করেন। | সিদ্ধান্ত হয়নি |
ঝালকাঠি | ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সদস্য বনি আমিন।
| বিচারক মো. জায়েদ আহম্মেদ অভিযোগটি আমলে নিয়ে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে আগামী ২৩ ফেব্রুয়ারীর মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। |
পটুয়াখালি | মাহফুজ আমানের বিরুদ্ধে গতকাল পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বসুর দায়ের করা মানহানি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেছেন। | আগামী ৫ এপ্রিল মাহফুজ আনামকে এই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। |
বরগুনা | ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। | বাদীর জবানবন্দি গ্রহন শেষে ২২ ফেব্রুয়ারি মামলার আদেশের দিন ধার্য করেছেন। |
নীলফামারি | সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক আব্দুল হামিদ।
| আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সমিউল ইসলাম মামলাটি আমলে নিয়ে চলতি বছরের ৪ এপ্রিলের মধ্যে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্ব্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। |
পাবনা | আমলি আদালত-১ এর বিচারিক হাকিম রেজাউল করিমের আদালতে একই অভিযোগে পৃথক মামলা দায়ের হয়েছে। পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল রহিম মামলাটি করেন।
| সিদ্ধান্ত হয়নি |
লক্ষীপুরে দুই মামলা | সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শত কোটি টাকার মানহানির মামলা করা করেছেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু। আদালতের বিচারক বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন। | মুহাম্মদ মুনির হোসাঈন মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমাণ রেখেছেন , তারিখ হয়নি। সেটিও অপেক্ষায় আছে |
বরিশালে দুটি মামলা | বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আইনজীবী কাইয়ুম খান ও আরেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। | আদালতের বিচারক রফিকুল ইসলাম মামলা দুটির শুনানি শেষে আমলে নিয়ে আগামী ২০ ও ২৯ মার্চ মাহ্ফুজ আনামকে আদালতে হাজির হওয়ার হতে সমন জারির নির্দেশ দিয়েছেন। |
কুড়িগ্রাম | চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলাল। | অতিরিক্ত চিফ জুডিশিয়াল মাকসুদুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে ১৫ মার্চের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে পাঠিয়েছেন |
কুমিল্লা | আদালতে মানহানির মামলা দায়ের করেছেন জেলা ছাত্রলীগের (উত্তর) শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক যাদব চন্দ্র রায়। | কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালত তারেক আজিজ মামলাটি আমলে নিয়ে জেলা তথ্য অফিসারকে তদন্ত করে ২৩মার্চের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। |
নরসিংদী | ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন ভূঁইয়া বাদী হয়ে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। | সিদ্ধান্ত হয়নি |
মেহেরপুর | ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল এনাম বকুল। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলমের আদালতে তিনি এ মামলা করেন। | আদালত মামলাটি গ্রহণ করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
|
চাঁদপুর | জেলার হাইমচর ডিভিশনাল বিচারিক হাকিম নূসরাত জাহান উর্মির আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের হাবীব শেখ। | বিচারক মামলাটি আমলে নিয়ে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে আগামী ৩১ মার্চ প্রতিবেদন দিতে বলেছেন। |
গাজীপুর | জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন গাজীপুর জজ কোর্টের আইনজীবী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান। | আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। |
মানিকগঞ্জ | জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবদুল হাইয়ের আদালতে মানহানির মামলাটি করেন জেলার শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুল। বাদীর আইনজীবী | শাখাওয়াত হোসাইন খান বলেন, বিচারক এ ব্যাপারে সদর থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। |
কুমিল্লা | জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুভ্রা চক্রবর্তীর আদালতে মানহানির মামলা করেন কুমিল্লার মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন। | আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৮ মার্চ জেলা তথ্য কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। |
ময়মনসিংহ | মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ময়মনসিংহে পৃথক তিনটি মামলা হয়েছে। | বিচারক রফিকুল বারী মামলাটি আমলে নিয়ে গৌরীপুর থানার ওসিকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নিদের্শ দেন। একই সময়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পৃথক দুটি মামলা করে করেন জেলা আওয়ামী লীগ সদস্য ও আইনজীবী মোয়াজ্জেম হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আইনজীবী নুরুজ্জামান খোকন। বিচারক আহসান হাবীব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটির অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। |
রাজবাড়ি | রাজবাড়ী এক নম্বর আমলী আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হাসান আশা। | আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু হাসান খাইরুল্লাহ মামলাটি আমলে নিয়ে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তথ্য কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। |
গাইবান্ধা | গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন জেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম। | আদালতের বিচারক মো. ময়নুল হাসান ইউসুফ মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন। |
চট্টগ্রাম | মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে। মানহানির অভিযোগে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে একটি মামলা করেন বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া থানা শাখার সাধারণ সম্পাদক প্রবীর পাল, একই আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলা করেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ এম আল মাইন। চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে আরেকটি মানহানির মামলা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন। | মানহানির দুই মামলায় তাঁর বিরুদ্ধে আদালত সমন জারি করেন। আর রাষ্ট্রদ্রোহের মামলায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নগরের কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন আদালত। |
এপিএইচ/এজে/








