শেষ হচ্ছে সোডিয়াম যুগ

রাজপথে ডিজিটাল আলোর ঝলকানি

ওমর ফারুক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৮




এলইডি লাইট হলুদ আলোর সোডিয়াম বাতির জায়গা এবার দখল করে নিচ্ছে ডিজিটাল এলইডি বাতি। রাজধানীর কাওরানবাজার থেকে টিএসসি পর্যন্ত সড়কে সন্ধ্যায় জ্বলে উঠলো অত্যাধুনিক প্রযুক্তির বাতিগুলো। সোডিয়াম বাতির আলোয় দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না, কিন্তু নতুন এ বাতির আলোয় এখন দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে। এর ফলে রাজধানী থেকে শেষ হতে যাচ্ছে সোডিয়াম বাতির যুগ।
ডিজিটাল বাতি স্থাপন সংক্রান্ত একটি প্রকল্পের আওতায় বাতিগুলো স্থাপন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন- ডিএসসিসি। আপাতত সোনারগাঁও হোটেলের সামনের ক্রসিং থেকে বাংলামোটর ও শাহবাগ হয়ে টিএসসি পর্যন্ত এই ডিজিটাল বাতি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর প্রধান সড়কগুলোতে এ ধরণের বাতি লাগানো হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে সুইচ টিপে ডিজিটাল এলইডি বাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। মেয়র সুইচ অন করার সঙ্গে সঙ্গে সোনারগাঁও মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত সড়কে লাগানোর এলইডি বাতি জ্বলে ওঠে।
এ সময় মেয়র বলেন, পর্যায়ক্রমে নগরীর সব এলাকায় এলইডি বাতি সংযোজন করা হবে। এর ফলে নগরবাসী যেমন পর্যাপ্ত আলোয় স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবেন, তেমনি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পক্ষেও গাড়ির আরোহীদের সহজে চেনা ও কোনও ঘটনার ভিডিও ফুটেজে স্পষ্ট ছবি দেখা সম্ভব হবে।
এরশাদ সরকারের আমলে রাজধানীতে সোডিয়াম বাতির আগমন ঘটে। দামী হলেও এ বাতির আলো ও স্থায়ীত্ব কম এবং বিদ্যুতের খরচ বেশি। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ডিএসসিসির আওতাধীন ভিআইপি রোডে এলইডি বাতি স্থাপন প্রকল্পের আওতায় চীন থেকে আনা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ডিজিটাল এলইডি বাতি।

ডিএসসিসির বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জাফর আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, ডিজিটাল প্রতিটি বাতির স্থায়ীত্বকাল এক লাখ ঘণ্টা। সোডিয়াম বাতির তুলনায় এটা দশগুণ বেশি। সোডিয়াম বাতির তুলনায় এ বাতি দ্রুত প্রজ্বলিত হয়। বিদ্যুতের ভোল্টেজ কম হলেও এলইডি বাতি সঠিকভাবে জ্বলে। প্রতিটি ডিজিটাল এলইডি বাতির মধ্যে একটা আলাদা ডিভাইস রয়েছে। এই ডিভাইসের মাধ্যমে নগরভবনে স্থাপন করা কন্ট্রোল রুম থেকে প্রতিটি বাতি অন/অফ করা যাবে। আলোর পরিমাণও কমানো-বাড়ানো যায় এ বাতির। কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হয় বলে কোন বাতি জ্বলছে, কোনটা জ্বলছে না সেটাও নগরভবনে বসে সনাক্ত করা যাবে। একটি সোডিয়াম বাতির বার্ষিক রক্ষণাবেক্ষণ খরচ আসে প্রায় ১২ হাজার টাকা। কিন্তু এলইডি বাতির পেছনে ব্যয় হবে ৫ হাজার ৬০০ টাকা। সোডিয়াম বাতিতে প্রতি ওয়াটে আলোর পরিমাণ ৫০ লুমেন। অন্যদিকে এলইডি বাতির আলোর পরিমাণ ১০০ লুমেন।

প্রকৌশলী জাফর আহমেদ জানান, ডিজিটাল বাতি স্থাপন প্রকল্পের প্রথম পর্যায়ে ২০ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৩৪৮ টাকা ব্যয়ে ২৬৮৭টি এলইডি বাতি লাগানো হচ্ছে। সোডিয়াম বাতির মাধ্যমে সমপরিমাণ আলোর ব্যবস্থা করতে ব্যয় হত ৪৪ কোটি ৯৭ লাখ টাকা। এলইডি বাতি লাগিয়ে কর্তৃপক্ষের সাশ্রয় হয়েছে ২৩ কোটি ৯৮ লাখ টাকা। এছাড়া এলইডি বাতি ব্যবহারে বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে বছরে ৫৪ লাখ ৭৮ হাজার টাকা।

জানা গেছে, প্রকল্পের অধীনে যেসব সড়কে এলইডি বাতি লাগানো হবে সেগুলোর মধ্যে রয়েছে- কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা থেকে কাকরাইল মসজিদ হয়ে রূপসীবাংলা মোড়, জিরো পয়েন্ট থেকে কার্জন হল, ধানমণ্ডি-২৭ থেকে কলাবাগান, ধানমণ্ডি সড়ক-৩১ ও ৩২ নম্বর সড়ক, ফকিরাপুল মোড় থেকে দৈনিকবাংলা মোড় হয়ে রাজউক ভবন, বঙ্গভবনের সামনের সড়ক, বিজয়নগর থেকে পুরানা পল্টন মোড় হয়ে গোলাপশাহ মাজার, কাকরাইল ক্রসিং থেকে ফকিরাপুল হয়ে আরামবাগ পুলিশ বক্স, পলাশী মোড় থেকে আজিমপুর পুরনো কবরস্থান, নিউমার্কেট থেকে আজিমপুর মেটারনিটি, বিজিবি ৩ নম্বর গেট থেকে নীলক্ষেত আইল্যান্ড, নীলক্ষেত থেকে পলাশী, কামালবাগ থেকে শিকদার মেডিক্যাল কলেজ পর্যন্ত বেড়িবাঁধ সড়ক, গুলিস্তান থেকে ইংলিশ রোড হয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল, ধোলাইখাল থেকে বাবুবাজার ব্রিজ, কাজী আলাউদ্দিন রোড, টয়েনবি সার্কুলার রোড, হাটখোলা, রাজধানী মার্কেটের সামনের সড়ক, দয়াগঞ্জ, মুরগীটোলা, ধোলাইখাল, দক্ষিণ সায়েদাবাদ, ফোল্ডার স্ট্রিট ও টিপুসুলতান রোড।

/ওএফ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম