সোমবার (৩ এপ্রিল) গাজীপুর সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হতে পারে। এ সিটির সম্ভাব্য ভোটগ্রহণ হতে পারে আগামী ২১ মে। এছাড়া এদিন খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিলের প্রাথমিক সিদ্ধান্ত হতে পারে।
নির্বাচন কমিশন সোমবার কমিশন সভা ডেকেছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পাঁচ সিটির তারিখ নির্ধারণের বিষয়টি এজেন্ডাভুক্ত রয়েছে। এছাড়াও বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবারের বৈঠকে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়টি এজেন্ডায় রয়েছে। সভায় গাজীপুর সিটির তফসিল ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া অন্য চারটি সিটির ভোটের তারিখ নিয়ে আলোচনা হতে পারে বলেও তিনি জানান।
ইসি জানায়, গাজীপুর সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে ২০২৩ সালের ১১ মার্চ থেকে। অর্থাৎ গাজীপুর সিটির ভোট করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে।
কমিশন সূত্রে জানা গেছে, গাজীপুরের পর দ্বিতীয় পর্যায়ে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং তৃতীয় পর্যায়ে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে খুলনা ও বরিশালের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন এবং রাজশাহী ও সিলেটে ২১ জুন।
রাজশাহী সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। আর খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। এই দুই সিটিতেই নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ওই বছর ১১ অক্টোবর। এজন্য পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ১১ এপ্রিল। আর ভোটগ্রহণ করতে হবে আগামী ১০ অক্টোবরের মধ্যে।
সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে একই বছর ৭ নভেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ৬ মে। আর ভোটগ্রহণ করতে হবে চলতি বছর ৫ নভেম্বরের মধ্যে। এছাড়া, বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছে ওই বছর ১৪ নভেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ১৪ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ বছর ১৩ নভেম্বরের মধ্যে।









