যেকোনও প্রয়োজনে পুলিশি সহায়তার দরকার হলে জতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সেবা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জননিরাপত্তা বিভাগ থেকে এ আহ্বান জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জতীয় জরুরি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন বাংলাদেশ পুলিশ পরিচালিত একটি কর্মসূচি। এর অধীনে দেশের নাগরিকদের জরুরি সেবা দেওয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ টোল ফ্রিভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এই সেবা। যেকোনও ল্যান্ডফোন বা মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্স সেবা নিতে পারেন।









