স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা প্রয়োজন মনে করলে অর্থের বিনিময়ে অতিরিক্ত নিরাপত্তা নিতে পারবেন।
বুধবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আগের মতো খারাপ পরিস্থিতি এখন আর নেই। তাই সড়কে বের হলে যে নিরাপত্তা বা প্রটেকশন দেওয়া হতো সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। তারপরও যদি কোনও রাষ্ট্রদূত মনে করেন, তাদের আরও নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, তাহলে তারা আনসার গার্ড রেজিমেন্টের মাধ্যমে প্রটেকশন নিতে পারেন। তবে সেটা অন-পেমেন্টে হতে হবে। এই পেমেন্ট সংশ্লিষ্ট দূতাবাসকেই দিতে হবে। তারা চাইলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করে দেবো।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে যখন জঙ্গি উত্থান হয়েছিল, সন্ত্রাসের একটা রাজত্ব হয়েছিল, তখন চারটি দূতাবাসকে আমরা রুট প্রটেকশন দিয়েছি। এটা আমরা নিজ থেকেই দিয়েছি। আমাদের কারও অনুরোধ করতে হয়নি।
তিনি আরও বলেন, প্রত্যেক দূতাবাসেই পুলিশের প্রটেকশন রয়েছে তাদের নিরাপত্তার জন্য। রাষ্ট্রদূতদের গানম্যানও রয়েছে। সব ধরনের প্রটেকশন রয়েছে। শুধু সড়কে যে বাড়তি প্রটেকশন দেওয়া হতো সেটা তুলে নেওয়া হয়েছে।









