বিনোদন-সংস্কৃতি-ধর্ম-ক্রীড়ায় বরাদ্দ বেড়েছে ১৯৮ কোটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ২১:৩২আপডেট : ০১ জুন ২০২৩, ২১:৩২

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিনোদন, সংস্কৃতি, ধর্ম ও ক্রীড়ায় বরাদ্দ হয়েছে ৫ হাজার ৫৬৮ কোটি টাকা। গত অর্থবছরে এই বরাদ্দ ছিল ৫ হাজার ৩৭০ কোটি টাকা। এবারের বরাদ্দ বেড়েছে ১৯৮ কোটি টাকা। বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ বরাদ্দের কথা জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ এক হাজার ৩০৯ কোটি টাকা। যা গত বাজেটে ছিল এক হাজার ২৮২ কোটি টাকা। এবার বরাদ্দ বেড়েছে ২৭ কোটি টাকা।

শারীরিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে ক্রীড়াজগতের উন্নয়ন প্রয়োজন। তাই আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও সংস্কার এবং ক্রীড়া ক্লাবসমূহে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হচ্ছে। তা ছাড়া, উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৮৬টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। দক্ষ খেলোয়াড় তৈরির জন্য ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে বিভিন্ন বিভাগ থেকে নিয়মিত প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।

পাশাপাশি, খেলোয়াড়দের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া দল পাঠানো ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। আমাদের খেলোয়াড়দের সাফল্য বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশের মেয়েরাও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফলতার স্বাক্ষর রাখছে। খেলোয়াড়দের কল্যাণের দিকেও আমরা বিশেষ দৃষ্টি রাখছি। বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠকদের জন্য শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের মাসিক ভাতা ও এককালীন অনুদান এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।

সংস্কৃতি মন্ত্রণালয়

সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দ ৬৯৯ কোটি টাকা। গত অর্থবছরে ছিল ৬৩৭ কোটি টাকা। এবার এই মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ৬২ কোটি টাকা।

বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক ঐতিহ্য সংরক্ষণ এবং ভাষা, সাহিত্য, শিল্প, সঙ্গীত, নাটক ইত্যাদির বিকাশে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশজ সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ, মুক্তিযুদ্ধ ও সমকালীন শিল্প-সাহিত্যের গবেষণা, প্রদর্শন, প্রকাশনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ চিহ্নিতকরণ, খনন, সংস্কার, সংরক্ষণ ও প্রদর্শন, সৃজনশীল সৃষ্টিকর্মের কপিরাইট সংরক্ষণ করা হচ্ছে। ঐতিহাসিক ৭ মার্চ, ভাষা শহীদ দিবস এবং বাংলা নববর্ষসহ বিভিন্ন জাতীয় দিবসসমূহ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উদযাপন করা হচ্ছে। দেশের সাতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণ, চর্চা ও বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মনীষী ও গুণিজনের অবদানের স্বীকৃতিস্বরূপ নিয়মিত পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হচ্ছে। এ ছাড়া, অসচ্ছল সংস্কৃতিসেবী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমও অব্যাহত আছে।

ধর্ম মন্ত্রণালয়

ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ এবার ২ হাজার ৫০৯ কোটি টাকা। যা আগের বার ছিল ২ হাজার ৩৫৩ কোটি টাকা। এবার বরাদ্দ বেড়েছে ১৫৬ কোটি টাকা।

সব ধর্মাবলম্বীদের স্ব স্ব ধর্মীয় আচার অনুষ্ঠানের চর্চা এবং ভাবগাম্ভীর্য ও মর্যাদাপূর্ণ পরিবেশে উদযাপনের নিশ্চয়তা বিধানে সরকার বদ্ধপরিকর। ফলে, এ দেশে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহ-অবস্থান করছে। মুসলিমদের হজের যাবতীয় কার্যাবলি সহজে সম্পন্ন করার জন্য ই-হজ সিস্টেম চালু করা হয়েছে। ধর্মীয় নৈতিক শিক্ষা প্রদানের জন্য সব জেলা ও উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ৫৬৪টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ১৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে এবং চলতি অর্থবছরে আরও ১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা আছে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থান, দুঃস্থ ব্যক্তি, মন্দির, শ্মশান, প্যাগোডা, গির্জা, সেমিট্রির উন্নয়নে অনুদান প্রদান ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসমূহের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণসাধনে নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে।

এর আগে বৃহস্পতিবার (১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বিশেষ বৈঠকে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার চতুর্থ বাজেট উপস্থাপন করেন এবার। দেশের ইতিহাসে ৫২তম বাজেট পেশ করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চলতি মেয়াদের সর্বশেষ বাজেট এটি।

/এমআরএস/এমএএ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম