লাইটহাউজ প্রকল্পের ৭ জনকে জিজ্ঞাসাবাদ, বদল হতে পারে পিডি

শফিকুল ইসলাম
০৬ জুন ২০২৩, ২২:০০আপডেট : ০৬ জুন ২০২৩, ২২:৩১

নৌপরিবহন মন্ত্রণালয়ের বহুল আলোচিত ‘এস্টাব্লিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস)’ প্রকল্পের কাজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে সংস্থার উপ-পরিচালক রতন কুমার দাশকে। ইতোমধ্যে তিনি প্রকল্পের সাত কর্মকর্তাকে নিজ দফতরে ডেকে প্রথম দফা জিজ্ঞাসাবাদ করেছেন। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, দুদক আইন-২০০৪ এর ২২ ধারা ও দুদক বিধিমালা-২০০৭ এর বিধি ৮/১১ অনুসারে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়। দুদকের নোটিশপ্রাপ্ত প্রকল্পের একাধিক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য প্রকল্প পরিচালক (পিডি) ক্যাপ্টেন আবু সাঈদ মো. দেলোয়ার রহমানকে শিগগির নোটিশ পাঠিয়ে দুদকে তলব করা হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি বেশকিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অপর একটি সূত্র জানায়, আবু সাঈদ মো. দেলোয়ার রহমানকে সহসাই পিডির দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে। তার পরিবর্তে উপসচিব বা সমমর্যাদাসম্পন্ন প্রশাসনিক ক্যাডার সার্ভিসের কাউকে নতুন পিডি নিয়োগ দিতে পারে সরকার। প্রসঙ্গত, ইজিআইএমএনএস প্রকল্পের পরিচালক দেলোয়ার রহমান নৌপরিবহন অধিদফতরের একজন স্থায়ী নটিক্যাল সার্ভেয়ার।

দুদক যাদের ইতোমধ্যে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তারা হলেন- প্রকল্পের ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার (ডিএনএস) ক্যাপ্টেন ফরহাদ জলিল বিপ্লব, দুই জন সহকারী পরিচালক (এপিডি) রিয়াজ উদ্দিন আহমেদ ও নাজমুল হোসাইন, জুনিয়র ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার মোবাশ্বের রহমান ফাহিম, উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) ক্যাপ্টেন আবু হায়াৎ আশরাফুল আলম, এপিডি পতিত পবন দাস ও সহকারী ইলেক্ট্রিশিয়ান সাইফুল ইসলাম। এদের মধ্যে সবার আগে ফরহাদ জলিল বিপ্লবকে নোটিশ পাঠিয়ে ২২ মে ডেকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা। এর আগে ১৮ মে নোটিশ পাঠিয়ে ২৩ মে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়াজ উদ্দিন আহমেদ, নাজমুল হোসাইন ও মোবাশ্বের রহমান ফাহিমকে।

দুদক সূত্র আরও জানায়, সর্বশেষ ২৮ মে আবু হায়াৎ আশরাফুল আলম, পতিত পবন দাস ও সাইফুল ইসলামকে নোটিশ পাঠানো হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ৩১ মে। দুদক কর্মকর্তার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া প্রকল্পের সাত কর্মকর্তার মধ্যে ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার ফরহাদ জলিল বিপ্লব, এপিডি পতিত পবন দাস ও সহকারী ইলেক্ট্রিশিয়ান সাইফুল ইসলাম- এ তিনজন পিডি আবু সাঈদ দেলোয়ার রহমানের ঘনিষ্ঠজন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ঋণসহায়তা ও বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিলে চলমান ইজিআইএমএনএস প্রকল্পটি ‘লাইটহাউজ’ বা ‘বাতিঘর প্রকল্প’ নামেই বেশি পরিচিত। দুই দেশের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে নৌ মন্ত্রণালয়ের অধীন সংস্থা নৌপরিবহন অধিদফতর। এর আওতায় রয়েছে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় সাতটি লাইটহাউজ ও সাতটি রেডিও স্টেশনসহ সেখানে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন এবং রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদফতরের ১১তলা বিশিষ্ট নিজস্ব কমান্ড অ্যান্ড কন্ট্রোল (সিঅ্যান্ডসি) ভবন নির্মাণ। 

তবে নৌপরিবহন খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে শুরু থেকে বিভিন্ন স্তরে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি নৌ অধিদফতরের সদ্যবিদায়ী মহাপরিচালক কমডোর নিজামুল হক নিজেও পিডি ও কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এলজি আল সামি কনস্ট্রাকশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান হয়েও সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির তথ্য সরাসরি প্রকাশ করায় তাকে মহাপরিচালকের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে নৌ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে পিডি আবু সাঈদ মো. দেলোয়ার রহমান ও ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার ফরহাদ জলিল বিপ্লবসহ প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজনের পাশাপাশি মূল ঠিকাদারি প্রতিষ্ঠান সামি কনস্ট্রাকশনের বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। অধিদফতরের সদ্য সাবেক মহাপরিচালকের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা মিলেছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। তবে দীর্ঘদিনেও মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

এছাড়া অধিদফতরের অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনেও পিডি ও ডেপুটি নটিক্যাল সার্ভেয়ারসহ প্রকল্পের কয়েকজন কর্মকর্তা এবং সামি কনস্ট্রাকশনসহ একাধিক সহঠিকাদারের (সাব-কন্ট্রাক্টর) বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। নৌ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ও নৌ অধিদফতরের অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনের বরাত দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যমে ইতোমধ্যে আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া নির্মাণাধীন ১১তলা সিএ্যান্ডসি ভবনের জন্য ফায়ার সার্ভিসের ছাড়পত্র জালিয়াতিসহ ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতি নিয়েও প্রথম শ্রেণির বেশ কয়েকটি গণমাধ্যম সরেজমিন প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়া ৩৮২ কোটি টাকার এ প্রকল্প ২০১৬ সালের ডিসেম্বরে সমাপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু শুরু থেকেই অনিয়ম আর কালক্ষেপণের জালে আটকা পড়ে এ প্রকল্প। তিন দফা সংশোধনের মাধ্যমে সময় ও ব্যয় বৃদ্ধি করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের সর্বশেষ সময় ধরা হয়েছে ২০২৪ সালের ৩০ জুন। আর ব্যয় বাড়িয়ে করা হয়েছে ৭৭৯ কোটি টাকা। ইতোমধ্যে তিন বার পিডি বদল করা হয়েছে।

দুদকের নোটিশ পেয়ে অনুসন্ধান কর্মকর্তার দফতরে হাজির হওয়ার কথা স্বীকার করে ডিপিডি আবু হায়াৎ আশরাফুল আলম দাবি করেন, তিনি নির্দোষ। এ প্রতিবেদককে তিনি বলেন, প্রকল্পের যেসব বিল পরিশোধ করা নিয়ে প্রশ্ন উঠেছে, সেসব বিলে আমার স্বাক্ষর নেই। এছাড়া প্রকল্প বাস্তবায়ন কাজে যেখানে অসঙ্গতি মনে হয়েছে, সেখানেই আমি আপত্তি দিয়েছি।

এ প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল জানিয়েছেন, বিষয়টির নিরপেক্ষ সমাধানে কাজ করছে মন্ত্রণালয়ে। চিহ্নিত হলে দোষী ব্যক্তিকে অবশ্যই শাস্তি পেতে হবে।

আরও পড়ুন- 

অনুমোদন ছাড়াই ঠিকাদারকে সাড়ে ৬ কোটি টাকা বিল পরিশোধ

/এফএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেজে হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম