প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঐতিহাসিক ছয় দফার মধ্য দিয়ে দেশের মানুষের ভেতর স্বাধীনতার উন্মেষ জাগ্রত হয়। বঙ্গবন্ধুর নির্দেশে ৯ মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এখন বাংলাদেশের যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা তা অব্যাহত থাকবে।’
বুধবার (৭ জুন) জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এসব কথা বলেন। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতীয় সংসদে ওই আলোচনা অনুষ্ঠিত হয়।
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ এগোতে পারেনি। বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। আবার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে দেশ পরিচালনা করে দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দেয়। বঙ্গবন্ধু বলেছিলেন— কেউ দাবায়ে রাখতে পারবা না। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না, এটাই বাস্তবতা। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু থাকবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, এটাই অঙ্গীকার।’
অন্যদের মধ্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, সরকারি দলের সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ প্রমুখ আলোচনায় অংশ নেন।









