নৌপথে পর্যটকদের সুবিধার্থে তিনটি ক্রুজ ভেসেল সংগ্রহ করতে যাচ্ছে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এগুলো মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভারতে চলাচল করবে। আগামী অক্টোবরে একটি ক্রুজ ভেসেল চালু হবে। ঢাকা-বরিশাল, ঢাকা-বরগুনা, ঢাকা-পটুয়াখালী রুটে ক্রুজ ভেসেল বেসরকারি পরিচালনায় দেওয়া হবে।
মঙ্গলবার (১৩ জুন) ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালে ‘মধুমতি রিভার ক্রুজ সার্ভিসে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম, পাওয়ার বিটস লিমিটেডের চেয়ারম্যান সেলিম শরীফ ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিব হাসান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতুর কারণে দক্ষিণ অঞ্চলের মানুষের দুয়ার খুলে গেছে। পদ্মা সেতুর প্রতিফলন বরিশাল ও খুলনা নির্বাচনে পড়েছে। জনগণ ভোটাধিকারের মাধ্যমে সেটা প্রমাণ করেছেন। আগামী দ্বাদশ নির্বাচনেও জনগণ ভোটাধিকারের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, নৌকার পক্ষে থাকবে। ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর কোনও ক্ষেত্রে বাংলাদেশ এগোতে পারেনি। নৌপথ ক্ষীণ হয়েছে। নৌপথের নাব্য ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু সরকার সাতটি ড্রেজার সংগ্রহ করেছিল। এরপর ২০০৮ সাল পর্যন্ত কোনও সরকার ড্রেজার সংগ্রহ করেনি। আওয়ামী লীগ সরকারের ১৪ বছর সময়ে ৪৫টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। আরও ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌপথের নাব্য ধরে রাখার জন্য নির্বাচনি ইশতেহারে ১০ হাজার কিলোমিটার নৌপথ যুক্ত করার অঙ্গীকার করেছেন। বর্তমানে বর্ষা মৌসুমে সাত হাজার কিলোমিটার এবং শুষ্ক মৌসুমে পাঁচ হাজার কিলোমিটার নৌপথের কার্যক্রম চালু আছে। বিআইডব্লিউটিএ ১৭৮টি নদী নিয়ে কাজ করছে।









