স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় সারা দেশের ৩ লাখ ৫৩ হাজার ৩৫২ কিলোমিটার সড়ক পাকা করার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে বলে সংসদে জানান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে সারা দেশে পাকা সড়কের দৈর্ঘ্য ১ লাখ ৪০ হাজার ৬৯৯ কিলোমিটার এবং কাঁচা সড়কের দৈর্ঘ্য ২ লাখ ১২ হাজার ৬৫৩ কিলোমিটার।
বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
কাঁচা সড়ক পাকাকরণ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তাজুল ইসলাম জানান, প্রয়োজনীয় অর্থ পেলে কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হচ্ছে।
হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানান, ঢাকা শহরের জনসংখ্যা ২ কোটি ১০ লাখ। যার সবাই ঢাকা ওয়াসার পরিষেবা গ্রহণ করেছে। তবে মিটারভিত্তিক গ্রাহক ৩ লাখ ৮৭ হাজার।
তিনি বলেন, ঋতুভেদে ঢাকায় দৈনিক পানির চাহিদা ২১০-২৬০ কোটি লিটার। যার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করে থাকে। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।
সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে সমবায় অধিদফতর এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বর্তমানে সারা দেশে সমবায় কৃষকদের খেলাপি ঋণের পরিমাণ ১৪০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।
সরকার দলীয় সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী—২০১৩ থেকে ২০২৩ সালের মে পর্যন্ত ১ হাজার ২৪৭টি কোম্পানি নিবন্ধিত হয়েছে।









