রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে রেলে ইলেকট্রিসিটি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে ইলেকট্রিসিটি ব্যবহার করে রেল চলাচালের জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কনসট্রাক্টিং কোম্পানির সঙ্গে চুক্তি সই সম্পন্ন করা হয়েছে।
রবিবার (১৬ জুলাই) রেলভবনের সভা কক্ষে বাংলাদেশ রেলওয়ে এবং তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কনসট্রাক্টিং কোম্পানির সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলেকট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলের জন্য ট্রাকশন নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম এবং টঙ্গী থেকে জয়দেবপুর অংশের কাজ করার জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কনসট্রাক্টিং কোম্পানিকে যে দায়িত্ব দেওয়া হলো তারা নিদিষ্ট সময়ের মধ্যে তা শেষ করবেন বলে আশা প্রকাশ করেন রেলপথ মন্ত্রী।
তিনি বলেন, ‘ইউরোপসহ পৃথিবীর প্রায় সব দেশে রেলে গ্যাস ও ইলেকট্রিসিটি ব্যবহার হচ্ছে। এতে কার্বন নির্গমন হয় না। ফলে এটি পরিবেশবান্ধব। তাই প্রথমবারের মতো বাংলাদেশে রেলে ইলেকট্রিসিটি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
বাংলাদেশ রেলওয়ের পক্ষে মো. হাবিবুর রহমান চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) এবং তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কনসট্রাক্টিং কোম্পানির পক্ষে ইসমাইল হেয়দার আলী চুক্তিতে সই করেন।









