বিচার, আইন ও শাসন বিভাগের সমালোচনা করে ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকীর লেখা নিবন্ধে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক অনির্ধারিত বক্তব্যে নূরে আলম সিদ্দিকীর নিবন্ধের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে ফরাজী বলেন, সংবাদপত্রে এক নিবন্ধে নূরে আলম সিদ্দিকী বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগকে অকার্যকর ও বিকলাঙ্গ বলে মন্তব্য করেছেন। এটা তিনি করতে পারেন না। তিনি বিচার বিভাগের সবাইকে দুর্নীতিবাজ বলতে পারেন না। বিচার বিভাগের অনেকে আছেন ২/৩শত কোটি টাকা দিয়েও কেনা যাবে না। বড়জোর ২/৩ জন সম্পর্কে বলা যেতে পারে।
রুস্তম আলী ফরাজী বলেন, নূরে আলম সিদ্দিকী সুনির্দিষ্ট কোনও ব্যক্তি বিশেষ নিয়ে লিখতে পারতেন। তাহলে আমার কিছু বলার ছিল না। রাষ্ট্রের তিনটা বিভাগ অকার্যকর হলে রাষ্ট্র চলে কি করে? এসব তিনি ঈর্ষাকাতরতা থেকে বলেছেন।
তিনি বলেন, স্পিকার কমনয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্নস্থান থেকে পুরস্কার পাচ্ছেন। তিনি ১৬ কোটি মানুষের জন্য খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন।
ফরাজী বলেন, অন্যায় করলে বলা যায়। কিন্তু সামগ্রিকভাবে সংসদকে তিনি অবমাননা করতে পরেন না। তিনি সম্মানীয় এবং সৎ মনুষকে সম্মান না করতে পারেন, কিন্তু অসম্মান করতে পরেন না। নূরে আলম সিদ্দিকী কি করেন মানুষ তা জানে। তিনি কীভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছেন?
/ইএইচএস/এএইচ/
/আপ-এএ/








