চলতি অর্থবছরে সরকার ৫৩টি নতুন পত্রিকার ডিক্লারেশন দিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য মো. রস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মন্ত্রী এ তথ্য জানান।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত সাত বছর মেয়াদে ৭১৬টি পত্রিকার রেজিস্ট্রেশন দিয়েছে বলেও জানান তিনি। সংসদে জাতীয় পার্টির বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈ-মাসিক ও ষাণ্মাসিক পত্রিকার সংখ্যা ২ হাজার ৮৩৪টি। এছাড়া তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে ৩১টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসহ ২৪টি এফএম বেতার ও ৩২টি কমিউনিটি রেডিওর লাইসেন্স দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি খাতে ৩টি টেলিভিশন চ্যানেল এবং বেসরকারি খাতে ২৩টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ১৬টি এফএম বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।
সরকারি দলের সদস্য রহিম উল্লাহ’র এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সুবিধা দিতে ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা’ প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালার আলোকে ঢাকা ও ঢাকার বাইরে যে কোনও বিভাগ অথবা জেলা থেকে প্রকাশিত সরকারি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকাকে দৈনিক প্রচার সংখ্যার ওপর ভিত্তি করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়।
সরকারি দলের সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লার এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার সাংবাদিক ও গণমাধ্যম বান্ধব। সরকার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এর ধারাবাহিকতায় সরকার সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে ‘৮ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৩’ ঘোষণা করেছে। ঘোষিত মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের অংশ হিসেবে পত্রিকার বিজ্ঞাপন হার দ্বিগুণ বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সরকার নিহত, অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের সহায়তা ভাতা ও অনুদান দিতে ‘সাংবাদিক সহায়তা ভাতা/অনুদান নীতিমালা, ২০১২’প্রণয়ন করেছে। এর আওতায় সারাদেশের সাংবাদিকদের কল্যাণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের বৃহত্তর কল্যাণের বিষয়টিকে আইনি কাঠামোয় আনার লক্ষ্যে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪’ প্রণয়ন করা হয়েছে। সূত্র: বাসস।
/এফএস/








