সেনাবাহিনী থেকে প্রমোশন পেয়ে যোগ্য, মেধাবী ও দক্ষ অফিসাররা বিডিআর-এ (বর্তমানে বিজিবি) যায়। নির্মম এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র একদিন বের হবেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অল কমিউনিটি ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এই বিডিআর কর্মকর্তাদের হত্যাকারীদের যতদিন বিচার না করা হবে, ততোদিন আমাদের রক্তের ক্ষরণ বয়ে যাবে।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সাবেক এই প্রবীণ রাজনীতিক বলেন, ‘আপনি একটার পরে একটা নির্বাচন করছেন। এমনকি জাতীয় নির্বাচনও করেছেন, কিন্তু তাতে আমরা অংশগ্রহণ করিনি। কারণ, ওই নির্বাচনে কোনও ভোটার অংশগ্রহণ করেনি।’
আওয়ামী লীগ পন্থী সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদকে আহ্বান জানিয়ে শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আপনারা কেন আলাদা ফোরাম খুলেছেন? আপনারা কেন মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ না খুলে শুধু নিজেদেরকে নিয়ে করেছেন? আপনারা কেন অল কমিউনিটি ফোরামের অধীনে আসলেন না? এখানে তো সব ধর্মের লোক ছিলো।’
মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করার সময় বললেন, আমি সকলের প্রধানমন্ত্রী। কিন্তু শপথের পরেই আপনি (শেখ হাসিনা) আপনার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৫ হাজার মামলা তুলে নিলেন। কিন্তু এভাবে কেউ ক্রিমিনাল কেস তুলে নিতে পারে না।’
সাধারণ মানুষ কথা বলতে পারে না। কথা বললেই মামলা দেবেন ও গুম করবেন। এভাবে স্বাধীন দেশ চলতে পারে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. কাবিরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এসআইএস/ এপিএইচ/








