অস্ত্রোপচার নয়, বাজানদারের হাতে ড্রেসিং হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, অস্ত্রোপচারের যে সংবাদ গণমাধ্যমে এসেছে সেটি সঠিক নয়। আমরা আগামী সোমবারে বসে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেব।
উল্লেখ্য, শনিবার আবুল বাজানদারের ডান হাতে কেবলমাত্র ড্রেসিং হয়েছে বলেও জানান ডা. সেন।
বিরল রোগ ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিসে আক্রান্ত বাংলাদেশের আবুল বাজানদার বিশ্বের তৃতীয় রোগী। গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ডান হাতের পাঁচ আঙ্গুলে প্রথম অস্ত্রোপচার করে জটমুক্ত করা হয়েছে। মঙ্গলবার তার হাতের ড্রেসিং খুলে নতুন ড্রেসিং করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তীতে তার বাম হাতেও অপারেশন করা হবে, আগামী তিন সপ্তাহের ভেতরে।
এদিকে, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম জানিয়েছেন, আবুল বাজানদারের চিকিৎসায় এক বছর বা যতদিন লাগবে, তার পুরোটা সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
বৃক্ষ মানব হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের চিকিৎসার সব খরচ বহন করছে সরকার। গত ৩০ জানুয়ারি খুলনার আবুল বাজানদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন এবং তার চিকিৎসায় বর্তমানে নয় সদস্যের মেডিক্যাল বোর্ড কাজ করছে।
জেএ/ এপিএইচ/








