পিটার-মেরিনা: আগে লিভটুগেদার পরে বিয়ে

জামাল উদ্দিন
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৩২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৭

এটিএম কার্ড জালিয়াতের হোতা পিটার আগে লিভটুগেদার, পরে বিয়ে। এভাবেই এটিএম প্রতারক পিটারের জীবনে জড়িয়ে পড়েন মেরিনা। এটিএম জালিয়াতির পরিকল্পনা নিয়ে ঢাকায় এসেছিলেন পোলিশ নাগরিক পিটার। মেরিনার টার্গেট ছিল ইউরোপীয় নাগরিক পিটারকে বিয়ে করে ইউরোপে পাড়ি জমানো। অন্যদিকে, পিটারের টার্গেট ছিল মেরিনাকে বিয়ে করে বাংলাদেশে স্থায়ীভাবে থেকে যাওয়া। আর এ সবের মূল কারিগর ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাবির। পিটারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন গোয়েন্দারা।
গোয়েন্দা সূত্রগুলো জানায়, পোলিশ নাগরিক পিটারের সঙ্গে লিভটুগেদার করার সময়ই কৌশলে গর্ভে সন্তান ধারণ করেন রোজিনা ওরফে রোমানা ওরফে মেরিনা। প্রথমে সন্তানের বিষয়টি জানতেন না পিটার। পরে সন্তান সম্ভবা হওয়ার কারণে তারা নিজেরা বিয়ে করেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি পুত্র সন্তান জন্ম দেন মেরিনা। গুলশানের একটি হাসপাতালে ওই পুত্র সন্তানের জন্ম হয় তার। ছেলে সন্তানের নাম রাখেন আলেকজান্ডার অ্যালেক্স।
জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তাদের পিটার জানিয়েছেন, তারা কেউ ধর্মান্তরিত হননি। পিটার শুধু স্ত্রীর নাম পরিবর্তন করে রোজিনার জায়গায় মেরিনা রেখেছিলেন। ডাকতেন মেরি বলে। লিভটুগেদার ও পিটারের সঙ্গে বিয়ের সবকিছুই জানত মেরিনার পরিবার। কিন্তু বিপুল অর্থের মোহে তারা বিষয়টি মেনে নিয়েছিলেন সহজেই। জালিয়াতি করে আয় করা পিটারের বিপুল পরিমাণ অর্থ রোজিনা ওরফে মেরিনা তার মায়ের বাসায় দিয়েছেন।
গোয়েন্দা সূত্রে আরও জানায়, আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াতি চক্রের হোতা পিটারের স্ত্রী মেরিনাকে রোজিনা ওরফে রোমানা নামেই অনেকে চেনেন। পাসপোর্টে নাম রয়েছে রোজিনা। কেরানীগঞ্জে মায়ের সঙ্গেই থাকতেন তিনি। গ্রামের বাড়ি শরীয়তপুরে। নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেরিনা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে লেখাপড়া করেছেন। লেখাপড়া  শেষ না হতেই পার্ট টাইম চাকরি করেন একটি ট্রাভেল এজেন্সিতে। পারিবারিকভাবে বিয়েও হয় এক যুবকের সঙ্গে। কিন্তু কিছুটা বেপরোয়া জীবন-যাপন করতেন মেরিনা। এ কারণে এক কন্যা সন্তানের মা হওয়ার পরও বিচ্ছেদ হয়ে যায় স্বামীর সঙ্গে। তারপর থেকে মায়ের সঙ্গেই থাকতেন তিনি। ট্রাভেল এজেন্সি ছেড়ে যোগ দেন গুলশানের হোটেল হলিডে প্লানেটের অভ্যর্থনাকারী হিসেবে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান,  ২০১৪ সালের ১৩ ডিসেম্বর ঢাকায় এসে হোটেল হলিডে প্লানেটে ওঠেন আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের অন্যতম হোতা থমাস পিটার। নিজেকে পরিচয় দেন ব্যসায়ী হিসেবে। সেখানেই অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত রোজিনা ওরফে রোমানা ওরফে মেরিনার সঙ্গে পরিচয় হয় তার। কয়েক মাসের মধ্যেই গভীর প্রেমে জড়িয়ে পড়েন উভয়েই। জালিয়াতির টাকা পিটার দু’হাতে খরচ করতেন। এসব দেখে সত্যি ব্যবসায়ী এবং অঢেল টাকার মালিক হিসেবে পিটারকে প্রেমের আটকাতে চান মেরিনা। পিটারও ঢাকায় একজন ‘পার্টনার’ খুঁজছিলেন। মেরিনার সঙ্গে লং ড্রাইভে যেতেন নিয়মিত। মেরিনাও কাজ শেষে বিভিন্ন রেস্টুরেন্টে ও বারে পার্টিতে যেতেন পিটারের সঙ্গে।

গোয়েন্দারা জানান, ঢাকায় আসার চার মাসের মাথায় পিটারের সঙ্গে লিভটুগেদার শুরু করেন মেরিনা। প্রায় তিন মাসের মতো হলিডে প্লানেটের পাঁচ তলার ৫০৫ নম্বর স্যুটে থাকতেন। ওই কক্ষের প্রতি দিনের ভাড়া ছিল চার হাজার টাকা করে। সেখানেই তারা নিয়মিত মিলিত হতেন। হলিডে প্লানেট হোটেলের কর্তৃপক্ষকে তারা জানিয়েছিলেন তারা বিয়ে করেছেন। তারপরও হোটেলে একসঙ্গে দিনের পর দিন থাকাটা অশোভনীয় মনে হওয়ায় তাদের হোটেল ছেড়ে কোনও বাসা ভাড়া নিয়ে থাকতে বলা হয়। গত অক্টোবর মাসে তারা হোটেল ছেড়ে গুলশানের ২ নম্বর অ্যাভিনিউয়ের ১১২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটের একটি বাসা ভাড়া নেন। প্রায় দেড় লাখ টাকা ভাড়া দিয়ে আলিশান ওই বাসায় থাকতেন পিটার ও মেরিনা। বর্তমানে বাসাটি তালাবদ্ধ।

 গোয়েন্দা কর্মকর্তাদের পিটার জানিয়েছেন, কার্ড জালিয়াতির ঘটনা গণমাধ্যমে আসার পরপরই তার দুই বন্ধু বুলগেরিয়ান রোমিও ও ইউক্রেনিয়ান অ্যান্ডারসন ওরফে অ্যান্ডি দেশ ছেড়ে চলে যায়। পিটারও চলে যেতে চেয়েছিলেন। কিন্তু নিজের নবজাতক সন্তানকে ফেলে যেতে মন চায়নি তার। আর তার পাসপোর্টের ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। ভিসা বাড়ানোর আবেদন করেছিলেন, কিন্তু সেই কাগজপত্র হাতে পাননি বিধায় তিনি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এতেই গোয়েন্দাদের ধরা পড়তে হয়েছে তাকে।

পিটার গোয়েন্দাদের বলেছেন, তার জালিয়াতির সঙ্গে তার স্ত্রীর কোনও সম্পৃক্ততা নেই। সে জানতও না এসব কথা। তবে গোয়েন্দারা মেরিনাকে নজরদারির মধ্যে রেখেছে। সদ্য সন্তান জন্ম দেওয়ায় তাকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়নি। কিন্তু এরইমধ্যে তাকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মেরিনা এই জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পিটারের কোনও ব্যাংক একাউন্ট তারা খুঁজে পাননি। তার স্ত্রীর কোনও ব্যাংক একাউন্ট আছে কি না—তা খোঁজ করে দেখা হচ্ছে।

এদিকে, এটিএম বুথ থেকে টাকা জালিয়াতির ঘটনায় থমাস পিটারসহ তিন ব্যাংক কর্মকর্তার প্রথম দফার ছয় দিনের রিমান্ড শেষ হয়েছে রবিবার। সোমবার তাদের আদালতে সোপর্দ করে আবারও রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা। পিটারের সহযোগীদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করার চেষ্টা চলছে। একই সঙ্গে পিটারের এই কাজে যারা সহযোগিতা করেছেন, তাদের শনাক্ত করে গ্রেফতারেরও চেষ্টা চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ শাহজাহান বলেন, পিটারের কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা চলছে। একই সঙ্গে পিটারের কাছ থেকে সংগৃহীত তথ্য যাচাই-বছাইয়ের কাজও চলছে।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর বনানী ও মিরপুর এলাকার বিভিন্ন বুথ থেকে কয়েকটি বেসরকারি ব্যাংকের টাকা খোয়া যায়। গ্রাহকের কাছে ডেবিট কার্ড ও পাসওয়ার্ড গচ্ছিত থাকলেও তাদের মোবাইল ম্যাসেজে টাকা উত্তোলন হওয়ার নোটিফিকেশন আসে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী গ্রাহকরা নিজ-নিজ ব্যাংক কর্তৃপক্ষকে জানালে বিষয়টি সবার নজরে আসে। পরে ব্যাংক কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)-এর পক্ষ থেকে বনানী থানায় তথ্য-প্রযুক্তি আইন ও পেনালকোডের ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এছাড়া, সিটি ব্যাংকের পক্ষ থেকেও পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুটো মামলাই তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২২ ফেব্রুয়ারি পুলিশ গুলশান এলাকার বাসা থেকে থমাস পিটার ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তা মকসেদ আলী ওরফে মাকসুদ, রেজাউল করিম ওরফে শাহীন ও রেফাজ আহমেদ ওরফে রনিকে গ্রেফতার গ্রেফতার করে।

/এমএনএইচ/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম