করের টাকা সোনালী ব্যাংকসহ অন্য ব্যাংকগুলোতেও জমা দেওয়া যাবে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, বর্তমানে সোনালী ব্যাংক এককভাবে ট্রেজারি ফাংশন পালন করছে। এটিকে আরও দক্ষ করতে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকেও যুক্ত করা হবে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘ভ্যাট অনলাইন প্রকল্প’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, মহাহিসাব নিয়ন্ত্রক মো. আবুল কাশেম, এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম।
গভর্নর বলেন, কর আদায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য মূসকসহ যেকোনও কর সংগ্রহে সহজ পদ্ধতি গ্রহণ করা জরুরি। তিনি জানান, দেশে তিন কোটির বেশি মানুষ মোবাইল ব্যাংকিং সার্ভিসের আওতায়। কে টাকা দিল, তা মোবাইল ব্যাংকিংয়ে সহজে রেকর্ড রাখা যায়। এ কারণে মূসকসহ কর আদায়ে ব্যাংকিং ব্যবস্থাপনার পাশাপাশি মোবাইল ব্যাংকিং ব্যবস্থাপনা চালু করতে এনবিআরের প্রতি অনুরোধ জানান গর্ভনর।
তিনি বলেন, অটোমেশনের ক্ষেত্রে ব্যাংকসহ সব প্রতিষ্ঠানকে খেয়াল রাখতে হবে, সব লেনদেনকে কিভাবে সাইবার ঝুঁকি মুক্ত রাখা যায়। সব ধরনের নিরাপত্তা দেওয়াল গড়ে তুলতে হবে, যেকোনও আক্রমণ হলে তা যেনও আমরা মোকাবেলা করতে পারি। সাইবার আক্রমণ রুখতে প্রস্তুত থাকতে হবে।
ড. আতিউর রহমান বলেন, হ্যাকাররা আমাদের চেয়েও দক্ষ। তাদের দক্ষতা কিছু ক্ষেত্রে আমাদের চেয়েও বেশি। তবে আমাদের সচেতন থাকতে হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, অনেক সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন কর দিতে গিয়ে তারা হয়রানির শিকার হচ্ছেন। ভ্যাট অনলাইন কার্যকর হলে হয়রানি মুক্ত হবে। অনেক সময় জাতীয় রাজস্ব বোর্ড ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট (সিজিএস) থেকে যে হিসাব দেওয়া হয় তা দুই রকম হয়। এটি মিল হয় না। আশা করি, এই সিস্টেম কার্যকর হলে দুই রকম হিসাব কমবে।
নজিবুর রহমান বলেন, দেশে আগামীতে রাজস্বের ভবিষ্যৎ হবে ভ্যাট (মূল্য সংযোজন কর বা মূসক)। সারা পৃথিবীতে অভ্যন্তরীণ সম্পদ আহরণের ওপর জোর দেওয়া হচ্ছে। তাই আগামী দিনে আমাদের রাজস্বের ভবিষ্যৎ হবে ভ্যাট (মূসক)।
ভ্যাট অনলাইন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখন স্বপ্ন থেকে স্বপ্ন বাস্তবায়নের পর্যায়ে আছি। ভ্যাট অনলাইন নিয়ে ব্যবসায়ীসহ সবার মধ্যে আগ্রহ-উৎসাহ তৈরি হয়েছে। একে কাজে লাগিয়ে বাংলাদেশের রাজস্ব সম্ভাবনাকে দিন দিন বাড়াতে চাই।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব ড. এম আসলাম বলেন, ভ্যাট অনলাইন প্রকল্প ও অনলাইনে মূসক আদায় সম্পর্কে ব্যাংকগুলো ভালোভাবে জানে না। এ প্রকল্পের সঙ্গে ব্যাংকগুলোকে যুক্ত করতে বাংলাদেশ ব্যাংকসহ সবার আইটি বিভাগের মধ্যে একটি কমিটি করার পরামর্শ দেন তিনি।
সভায় বিভিন্ন কমিশনারেটের কমিশনার, ভ্যাট অনলাইন প্রকল্প কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
/জিএম/এপিএইচ/








