নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু। ভারতের সঙ্গে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। তারা আমাদের সকল ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রতিমন্ত্রীর অফিস কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। এসময়ে ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে শুভেচ্ছা জানান।
প্রতিমন্ত্রী বলেন, তারা সমুদ্র, নদী ও বন্দর সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু। ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। তারা আমাদের সকল ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। উন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সরকার যে সকল পদক্ষেপ নেবে তার সাথে তারা থাকবে। দুই দেশের মধ্যে কানেক্টিভিটি আরও এগিয়ে নিতে কাজ করবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও পায়রা বন্দর হচ্ছে। পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের আগ্রহ আছে। দুই দেশের মধ্যে নৌপর্যটন শুরু হয়েছে। অন-এরাইভাল ভিসা নিয়ে কিছুটা সমস্যা আছে। এটি আরও সহজ করার জন্য কাজ করছে। বঙ্গবন্ধুর কূটনৈতিক নীতি "কারও সঙ্গে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব" অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যারা শঙ্কা ও সন্দিহান ছিল- তাদের ভুল ভেঙ্গে গেছে। তারা এখন নতুন সরকারকে সহযোগিতার জন্য এগিয়ে আসছে।









