গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণাহাটি এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের লুট হওয়া টাকার খালি দুটি ট্রাংক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের একটি পুকুর পাড় থেকে বৃহস্পতিবার সকালে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এসময় সেখান থেকে ডাচ্ বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ডও উদ্ধার করা হয়। তবে ওই ট্রাংক দুটি লুট হওয়া ট্রাংক কিনা তা নিশ্চিত হতে কালিয়াকৈর থানায় খবর দিয়েছে ফুলবাড়িয়া থানা পুলিশ।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান, বাঁশদি গ্রামের মসজিদের ইমাম হাফেজ ইউসুফ আলী স্থানীয় সলিম উদ্দিন মসজিদে ফজরের নামাজ সেরে হাঁটতে বের হন। পরে স্থানীয় মামুনের পুকুরের পাড়ে স্টিলের দুটি ট্রাংক পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। খবর পেয়ে পুলিশ ট্রাংক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় সেখানে একটি এটিএম কার্ডও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই দুটি ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের লুট হওয়া সেই ট্রাংক। কিন্তু তাতে কোনও টাকা পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হতে কালিয়াকৈরে খবর পাঠানো হয়েছে।
এদিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বুথের কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, প্রথমে লুট হওয়া টাকার পরিমাণ এক কোটি ২ লাখ বললেও পরে জানানো হয় এক কোটি ৯৪ লাখ ৯৭ হাজার। এ ব্যাপারে বুথে থাকা নিরাপত্তাকর্মীসহ টাকা জমা রাখতে আসা মানি প্ল্যান্টের ৯ জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মানি প্ল্যান্টের এটিএম কর্মকর্তা মাসুদ রানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। মামলায় ওই টাকার পরিমাণ উল্লেখ করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিম বুথে মানি প্ল্যান্টের লোকজন বুধবার দিবাগত গভীর রাতে টাকা জমা রাখতে গিয়ে ওই টাকার ট্রাংক লুটের ঘটনা ঘটে।
/এএইচ/








