বিদেশি অনুদানে পরিচালিত এনজিও ২৬১২টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ১৭:৩৩আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৭:৩৩

বর্তমানে দেশে বৈদেশিক অনুদানে পরিচালিত বেসরকারি সংস্থার (এনজিও) সংখ্যা দুই হাজার ৬১২টি। মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ভোলা-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক অনুদানে পরিচালিত এনজিও-র সংখ্যা দুই হাজার ৬১২ টাকা। এর মধ্যে বিদেশি ২৬৮টি এবং দেশীয় দুই হাজার ৩৪৪টি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বৈদেশিক অনুদান গ্রহণ করা প্রকল্পগুলোর কার্যক্রম জেলা প্রশাসক ও ইউএনও পরিদর্শন, পরিবীক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করেন। বর্তমানে সরকারের সঙ্গে এনজিওগুলোর সুষ্ঠু সমন্বয়ের ফলে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ সকল ক্ষেত্রে অগ্রগতি লক্ষণীয় বলে মন্ত্রী জানান।

ঢাকা-১৪ আসনের মো. মাইনুল হোসেন খান নিখিলের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী ঢাকা সিটিতে পানির কোনও ঘাটতি নেই। বর্তমানে ঢাকা শহরের মোট পানির চাহিদা ২৬৫-২৭০ কোটি লিটার। চাহিদার তুলনায় পানির উৎপাদন ক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার। গ্রীষ্ম মৌসুমে তাৎক্ষনিক পানির বাড়তি চাহিদা মেটাতে বিভিন্ন স্থানে স্ট্যান্ডবাই ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, বর্তমানে দেশের কৃষক/চাষি সমবায় সমিতির সংখ্যা এক লাখ ১২ হাজার ৬৫৮টি। এর মধ্যে সমবায় অধিদফতরের নিবন্ধিত ৫৮ হাজার ২৮৫টি ও বিআরডিবি-র ৫৮ হাজার ৩৭৩টি। সরকার অনুমোদিত পেশাভিত্তিক সমবায় সমিতির সংখ্যা ৮৬টি।

ফরদিপুর-৩ আসনের আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, যুব উন্নয়ন অধিদফতর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০ লাখ ৮৪ হাজার যুবকে প্রশিক্ষণ দিয়েছে। অধিদফতরে মাধ্যমে গত অর্থ বছরে বিভিন্ন ট্রেডে এক লাখ ৬১ হাজার যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে তিন লাখ ৮ হাজার যুবকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-১৯ আসনের মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, বিআরডিবি ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাধ্যমে ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ও কোভিড প্রণোদনা ঋণ কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের মাঝে ঋণ প্রদান করা হয়েছে। এ খাতের মোট ঋণের পরিমাণ ২৪ হাজার ১৩৬ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে বিআরডিবির ৫৭৪ কোটি ৬ লাখ টাকা ও ডিপিবিএফ-র ২৩ হাজার ৫৬২ কোটি ১১ লাখ টাকা। এ ঋণের মধ্যে অনাদায়ী ২৮৩ কোটি ৮৭ লাখ টাকা।

মো. নাসের শাহরিয়ার জাহেদীর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরের বিভিন্ন খাল এবং নালা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের বিরুদ্ধে জোড়ালো পদক্ষেপ গ্রহণ কার্যক্রম চলমান আছে। কামরাঙ্গীর চর এলাকায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শেষ হয়েছে এবং আদি বুড়িগঙ্গা পূর্বের অবস্থায় ফিরে এসেছে।

মন্ত্রী বলেন, শহরের বৃষ্টির পানির সুষ্ঠু প্রবাহের জন্য খাল, নালা, জলাশয় (জিরানী খাল, মান্ডা খাল, সেগুনবাগিচা-আরামবাগ খাল, গোড়ান-বাসাবো খাল, শ্যামপুর খাল ও কালুনগর খাল) এবং বক্সকালভার্টগুলোতে (সেগুনবাগিচা, পান্থপথ ও পরিবাগ) দীর্ঘদিনের জমে থাকা ময়লা, আবর্জনা ও রাবিশ পরিষ্কার করা হয়েছে, নিকটবর্তী নদী বা নিষ্কাশন পর্যন্ত পানি প্রবাহ নির্বিঘ্নে করার জন্য অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে ও উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

সরকারি দলের মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকায় পানির জলাধারগুলো ক্রমেই বিলীন হওয়ার পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মোতাবেক ঢাকায় জলধারগুলো উন্মুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে ঢাকা ওয়াসা তাৎক্ষণিক অগ্নিনির্বাপণ ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগিতা করে থাকে।

রাজধানীতে পানির উৎস বাড়ানোয় লক্ষ্যে খালগুলো সংস্কার ও অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। 

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম