
দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের কারণে দুর্নীতি বন্ধে সবচেয়ে বড় উপকার হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, আইসিটি ব্যবহারে করে বিভিন্ন উপায়ে অপরাধীদের ধরা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্ধেক কাজ আমরা শেষ করেছি, আর বাকি রয়েছে অর্ধেক।’
তথ্যপ্রযুক্তি মেলা বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬-এর সমাপনী অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
সরকারের আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই মেলার আয়োজন করে।
অর্থমন্ত্রী বলেন, ‘অনেক নতুন উদ্ভাবন এ প্রদর্শনীতে উঠে এসেছে। যা আগামীতে তারা ডিজিটাল বাংলাদেশ গড়তে বড় ভূমিকা রাখবে বলে আশা রাখছি।’
আশ-পাশের দেশে থেকে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ অনেক বেশি উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘বিনিয়োগের জন্য আমাদের ৩৫০ একর জায়গার ব্যবস্থা করা হয়েছে। যেখানে দেশ-বিদেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগের জন্য আমাদের জানানো হয়েছে। আশা করছি এ থেকে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো।’
মেলার আয়োজকরা জানান, এবারের মেলায় ছিলো ৫৯টি প্যাভেলিয়ন ও ৭০টি ছোট-বড় স্টল। প্রদর্শনীতে শিশুদের জন্য ছিলো ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে স্কুল শিক্ষার্থীরা অংশ নেয় প্রতিযোগিতায়। খবর বাসস।
/এসটি/








