
রাজধানী উত্তরার গ্যাসপাইপ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সুমাইয়া বেগমও মারা গেছেন। আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার একটি বাসার রান্নাঘরের গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তারা হলেন- মো. শাহনেওয়াজ (৫০), স্ত্রী সুমাইয়া বেগম (৪০), ছেলে শারলিন (১৫), জারিফ (১১) ও জারান (১৪ মাস)।
অগ্নিকাণ্ডের দিন বিকেলে শারলিন ও রাতে জারান মারা যায়। শারলিনের ৮৮ শতাংশ, জারানের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল। এর পরদিন আমেরিকান দূতাবাসের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. শাহনেওয়াজ মারা যান। আর আজ মারা গেলেন সুমাইয়া বেগমও।
শুক্রবার ভোরে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই সব শেষ। একটি সংসার পুড়ে ছাই হয়ে গেছে। গত ২০ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ (৫০) তার পরিবার নিয়ে ওই ভাড়া বাসায় উঠেছিলেন।
/এসএনএইচ/এসটি/








