অর্থপাচারকারীদের তালিকা সংসদে প্রকাশের দাবি তারানা হালিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৪, ২২:২৮আপডেট : ০৫ জুন ২০২৪, ২২:৫২

অর্থপাচারকারী, বাজার সিন্ডিকেটকারীদের নাম জাতীয় সংসদে প্রকাশ করার দাবি জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সরকারি দলের এমপি তারানা হালিম একইসঙ্গে সংসদ সদস্যদের মধ্যে যারা সিন্ডিকেটে জড়িত তাদের আত্মসমালোচনা করতে বলেছেন।

বুধবার (৫ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারানা হালিম।

এর আগে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ মজিবুল হক ও স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ। অবশ্য তারানা হালিমের বক্তব্যের একপর্যায়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ফ্লোর নিয়ে কার্যপ্রণালি বিধির কোন বিধির আলোকে এই আলোচনা হচ্ছে তা জানতে চান।

তারানা হালিম তার বক্তব্যে বলেন, যানবাহনে সিন্ডিকেট, রাস্তাঘাটে সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না? কারণ সিন্ডিকেট। অমুক খানে সিন্ডিকেট, চালের গুদামে সিন্ডিকেট, বস্ত্র বিতরণে সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা? আমরা জানতে চাই, নাম প্রকাশ করা হোক। আমরা জানতে চাই পানামা পেপারসে, প্যারাডাইস পেপারে কাদের নাম আছে।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আওয়ামী লীগ কর্মী, তার কন্যার (বঙ্গবন্ধুর) আওয়ামী লীগ করি। তাই আমরা চাই না একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সারা জীবন সততার শপথবাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন, তাদের গায়ে এক ফোঁটা কালি লাগুক। আমি আহ্বান করবো সবার নাম প্রকাশ করা হোক এই সংসদে। কার কানাডায় বাড়ি আছে, বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে? কে কালোবাজারি করেছে, সবার নাম প্রকাশ করা হোক।

তিনি বলেন, এই সংসদের মধ্যে যারা সিন্ডিকেটের মধ্যে পড়েন তারা আত্মসমালোচনা করেন, আত্মশুদ্ধি করেন। আর যারা সিন্ডিকেটের মধ্যে পড়েন না, অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনও সবাইকে একরঙ্গে রঞ্জিত না করেন। অনেক সৎ মানুষ আছেন, যারা তাদের সততার জন্য আজকে প্রতিষ্ঠিত এবং এখানে আছেন।

তারানা বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সত্যিকারের সৈনিক হয়ে থাকি তাহলে একটি টাকা ঘুষ খাওয়ার সময় আমার বুক চুরমার হয়ে যাওয়ার কথা। আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দাবি করতে পারবো না, এমন চিন্তা হওয়ার কথা।

আগের দুই বক্তার আলোচনার প্রসঙ্গ টেনে তারানা হালিম বলেন, এখানে যার (বেনজীর ইস্যুতে আলোচনা হয়েছিল) কথা বলা হলো এতক্ষণ, তার মন খারাপ হলে দশটা বাড়ি কিনেছেন। আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দুই-একটা শাড়ি কিনতে পারি। ওনার মন খারাপ হলে অনেক বড় বড় কিছু কিনতে পারেন।

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে অর্থপাচার রোধের বিষয় উল্লেখ আছে জানিয়ে তিনি বলেন, কিন্তু সমস্যা হচ্ছে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে, ওদিকেও কাটে। চোর ধরলে বলে কে ধরেছে? মানে সব চোর। চোর না ধরলে বলে কেন ধরে নাই। সব দোষ তাদের। দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারের প্রশংসা করার জন্য বিরোধীদের অনুরোধ জানান তারানা হালিম। তিনি বলেন, আমরা শুরু করেছি। এটার শেষ করেই ছাড়বো।

তারানা হালিমের বক্তব্য শেষ হওয়ার আগে সংসদে ফ্লোর চান চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তাকে ফ্লোর দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। নূর-ই-আলম চৌধুরী আলোচনাটা কীসের ওপর হচ্ছে তা জানতে চান। তিনি বলেন, আলোচনাটা কীসের ওপর হচ্ছে আমি বুঝতে পারছি না। আপনি কীসের ওপর আলোচনা করছেন? এটা কী সাধারণ আলোচনা, এটা কী বাজেট অধিবেশনের আলোচনা? পয়েন্ট অব অর্ডার হলে এটা কীসের ওপর পয়েন্ট অব অর্ডার সেটা থাকতে হবে, সেটা সময়ের মধ্যে থাকবে। আপনি পয়েন্ট অব অর্ডারে যদি একজনকে আধা ঘণ্টা সময় দেন, তাহলে তো সংসদের কার্যপ্রণালি বিধি, নীতিমালা কোনোটাই মানা হচ্ছে না। পয়েন্ট অব অর্ডারে অবশ্যই বলতে হবে- কোন পয়েন্টের ওপর, সেটা সময়ের মধ্যে শেষ করতে হবে। আপনি তো (ডেপুটি স্পিকার) সাধারণ আলোচনা শুরু করে দিয়েছেন। এটা কোন ধারায় বলতেছেন। এখানে অনেক এমপি বসে আছেন, তাদের মূল্যবান সময় আছে, কিন্তু আপনি তো পয়েন্ট অব অর্ডারে সাধারণ আলোচনা শুরু করে দিয়েছেন।

পরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, চিফ হুইপ সঠিক কথা বলেছেন। পয়েন্ট অব অর্ডারে আমাদের আইন আছে, কার্যপ্রণালি বিধি আছে। অভিজ্ঞ সদস্য আছেন, তাদের সেই অনুযায়ী কথা বলার দরকার। পয়েন্ট অব অর্ডারে নির্দিষ্ট বিষয়ের ওপর এমপিদের কথা বলার অনুরোধ করেন তিনি।

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান—দেশ তো তাদের। বেনজীর, আজিজ, আনোয়ারুল আজীমের ঘটনা নিয়ে তিনি নির্বিকার। লাখ লাখ আজিজ, বেনজীর সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম