গত কয়েকদিনে দুইজন অপ্রাপ্তবয়স্ক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ ধরনের হত্যাকাণ্ড দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘এটি ভারতের কোনও উপকারে আসছে, এরকম কাউকে বলতে আমি শুনিনি।’
ভারতের পক্ষ থেকে আগে বলা হতো যে যাদেরকে হত্যা করেছে তারা চোরাকারবারি। কিন্তু এবারে শিশু মারা যাওয়ার কারণে এ ধরনের কোনও দাবি তারা করেনি বলে তিনি জানান।
এর ফলাফল কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ’ তাদের কোনও প্রতিক্রিয়া আমার জানা মতে এখনও আমরা পাইনি। আমরা এটির প্রতিবাদ এবং এর বিচার চেয়েছি।’
তিনি বলেন, ‘আমরা প্রতিবাদের ভাষা শক্ত করেছি। এ মুহূর্তে আমাদের এতটুকুই করার আছে। আমরা এটি নিয়ে যুদ্ধ বাধাবো না। এটি যে অত্যন্ত স্পর্শকাতর ইস্যু, সেটি আমরা প্রতিমুহূর্তে বলছি। আমরা আশা করবো, এটি তারা বিবেচনায় নেবে।’
আমরা দাবি করেছি যে যারা এটি করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। এটি আমরা আমাদের নোটে উল্লেখ করেছি। আমরা স্পষ্টভাবে বলেছি যে এটির আমরা নিন্দা জানাই। সীমান্ত হত্যাকাণ্ড বাংলাদেশ ও ভারতের সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে। দুইদেশের স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড থেকে বের হয়ে আসা উচিৎ বলে তিনি জানান।









