জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোক্তাদের মাধ্যমে পাটের সব পণ্য বিশ্বের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জেডিপিসি পরিদর্শনের পর মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী মাস থেকে সুপারশপে প্লাস্টিক পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ চালু হচ্ছে। বিদেশে প্রদর্শনী কর্নার করে এবং দেশের সুপারশপে পাটের বহুমুখী পণ্য প্রচারে উদ্যোগ রাখা হবে।’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, ‘পাটপণ্যের বৈচিত্র্য ও উদ্যোক্তাদের প্রশিক্ষণে জেডিপিসি মুখ্য ভূমিকা পালন করছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় জেডিপিসির সীমাবদ্ধতা দূর করে আরও এগিয়ে যেতে কাজ করবে।’
এ সময় বস্ত্র ও পাট উপদেষ্টা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে থাকা পাটের ২৮২টি পণ্যের প্রদর্শনী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ছিলেন জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা, পরিচালক সীমা বোস অধরাসহ সংশ্লিষ্টরা।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জেডিপিসি পাটপণ্যের উৎপাদন, ব্যবহার ও সম্প্রসারণে কাজ করে থাকে। দেশের ছয়টি বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবাকেন্দ্রের মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ করে থাকে এবং এর ৯৫২ জন তালিকাভুক্ত উদ্যোক্তা রয়েছে।









