অর্থবছরের ৮ মাস

রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রায় ঘাটতি সাড়ে ১৩ হাজার কোটি টাকা

গোলাম মওলা
১৩ মার্চ ২০১৬, ২০:২০আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২১:০৫

জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নানামুখী পদক্ষেপেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না। চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৮ মাস জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম হয়েছে ১৩ হাজার ৫১১ কোটি টাকা।  রাজস্ব আদায়ের এই যখন অবস্থা, ঠিক সেই সময়ে ১৫ দিনের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
অর্থনীতিবিদরা বলছেন, এত বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন কার্যত অসম্ভব। এ পরিস্থিতিতে সরকারকে গত অর্থবছরের মতো মধ্য মেয়াদে রাজস্বের লক্ষ্যমাত্রা কমিয়ে আনার প্রয়োজন হবে।
এনবিআরের প্রাথমিক হিসাবে দেখা গেছে, অর্থবছরের প্রথম ৮ মাসে ১ লাখ ৪ হাজার ১৬৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৯০ হাজার ৬৫৪ কোটি টাকা। এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ। তবে ফেব্রুয়ারি পর্যন্ত আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৫৫ শতাংশ।
সূত্র জানায়, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অর্থবছরের বাকী ৪ মাসে আদায় করতে হবে ৮৫ হাজার ৭১৫ কোটি টাকা। অর্থাৎ গড়ে প্রতি মাসে রাজস্ব আহরণ করতে হবে ২১ হাজার ৪২৮ কোটি টাকার।

কয়েক মাস আগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দাবি করেছিল, চলতি ২০১৫-১৬ অর্থবছরের শেষে লক্ষ্যমাত্রার চেয়ে সরকারের রাজস্ব আয় প্রায় ৪০ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে। আর এ অবস্থা চলতে থাকলে মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো যাবে না। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বেসরকারিখাতের বিনিয়োগ ঘাটতি। আর ব্যাংকিং খাত বিনিয়োগবান্ধব নয় বলেই বিনিয়োগ বাড়ছে না। এ সময় রাজস্ব আদায় নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করে বলা হয়, কয়েক বছর ধরে বেসরকারি খাতে বিনিয়োগ জিডিপির ২২ শতাংশের বেশি বাড়েনি। ফলে রাজস্ব আয়ও কমছে। অবশ্য এনবিআরের পক্ষ থেকে বলা হচ্ছে, সম্মিলিত প্রচেষ্টায় এই বিশাল রাজস্ব আদায় সম্ভব হবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। বেশ কিছুদিন ধরেই বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম নিম্নমুখী। অব্যাহতভাবে কমেছে জ্বালানি তেলের দাম। এরপরও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়েনি। সরাসরি বিদেশি বিনিয়োগেও (এফডিআই) অগ্রগতি নেই।এসব কারণে রাজস্ব আদায় কাঙ্খিত হারে বাড়ছে না।

চলতি অর্থবছরে ৩০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয় ১ লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এত বিশাল প্রবৃদ্ধি এর আগে কখনও হয়নি। সাধারণত রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি থাকে ২০ শতাংশের মধ্যে। তবে এর আগে রাজস্ব আদায়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছিল ২০০৭-০৮ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। ওই সময় ২৪ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল।

গত ২০১৪-১৫ অর্থবছরে প্রায় দেড় লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও পরবর্তীতে তা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা করা হয়। অবশ্য সংশোধিত ওই লক্ষ্যমাত্রা অর্জন করতে সমর্থ হয়েছিল এনবিআর।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম