জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরছেন।
অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার জন্য ফিলিমন ইয়াংকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। ‘সামিট অব দ্য ফিউচার’ আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের দূরদর্শী ভূমিকার প্রশংসাও করেন তিনি।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দিতে যাচ্ছেন, সেটি একটি যুগান্তকারী ভাষণ হবে এবং বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা করছি।
এ বছরের ইউএনজিএ’র মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘কাউকে পিছিয়ে রাখা নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা’।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান। তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিশ্ব নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।
নিউ ইয়র্ক স্থানীয় সময় আজ রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা রয়েছে।









