আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তৃতীয় ধাপে ৬৮৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১৫ মার্চ) এই তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ ও ৩০ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ৬ এপ্রিল।
কমিশন সূত্র জানায়, সংশ্লিষ্ট ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, তৃতীয় ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি আকারে জারি করবেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৭৫২ এবং দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপির তফসিল ১৮ ফেব্রুয়ারি ঘোষণা করে ইসি।
তবে সীমানা ও আইনি জটিলতায় দুই ধাপে ঘোষিত তফসিল থেকে ২৮ ইউপি বাদ গেছে।
এছাড়া, আরও তিন ধাপে ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে। এবারই প্রথম সারা দেশে দলীয় প্রতীকে মোট ছয় ধাপে ইউপি নির্বাচন হতে যাচ্ছে।
/এফএস/








