শব্দদূষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির ব্যবস্থা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৪, ২১:০৭আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২১:০৭

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বাংলাদেশ শব্দদূষণের পৃথিবীতে এক নম্বর অবস্থানে আছে। আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি। কিন্তু এরকম একটি প্র্যাকটিস চালু রাখবো সেটি হতে পারে না। অন্তত শহরগুলোতে শব্দদূষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে তৃতীয় ন্যাশনাল ন্যাচার ফেস্টিভ্যাল ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শব্দদূষণের প্রথম উৎস হচ্ছে হর্ন। এটি আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা নিজেদের গাড়ি থেকেই যদি হর্ন না বাজানোর অভ্যাস করতে পারি, তাহলে শব্দদূষণ নিয়ন্ত্রণে চলে আসবে। সামনের ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত ঢাকার ১০টি রাস্তায় হর্ন বাজানো বন্ধে সচেতনতা তৈরি করা হবে। তারপর আমরা আইন প্রয়োগের কাজ শুরু করবো। আমরা এরই মধ্যেই বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছি এবং সেখানকার কিছু অভিজ্ঞতাও আমাদের হয়েছে বলে উপদেষ্টা তার বক্তৃতায় উল্লেখ করেন।

জলবায়ুগত পরিবর্তনের প্রভাব নিয়ে তিনি বলেন, গত ৫০ বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি গরম পড়েছে। আবার দক্ষিণ অঞ্চলে এরকম বন্যাও মানুষ আগে কখনও দেখেনি। এসব প্রাকৃতিক দুর্যোগের একটি বড় কারণ হচ্ছে— পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই পরিবর্তনের কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো।

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, আমাদের কাছে (বাংলাদেশে) নবায়নযোগ্য জ্বালানি রয়েছে। যা আমরা অন্যান্য জ্বালানির তুলনায় অনেক কম টাকায় পেতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে, প্রতিটি ভবনের ওপরই যে সোলার প্যানেল রয়েছে সেটি কাজ করে না। যদি ওই সোলার প্যানেলগুলো কাজ করতো— তাহলে ২০ মিনিট কিংবা কয়েক ঘণ্টার লোডশেডিংয়ে কাউকে চিন্তিত হতে হতো না৷ আর সরকারকেও উচ্চমূল্যে জ্বালানি কিনে এনে সরবরাহ করতে হতো না। সৌর এবং বায়ুবিদ্যুতে বাংলাদেশে বড় সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন হয়েছে উন্নত বিশ্বের ভোগবাদী জীবনযাপনের জন্য— যা ফরাসি বিপ্লবের পরে শুরু হয়েছে। এর কারণেই গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ বেড়ে গেছে। ফলে আগামী ২০৫০ সাল নাগাদ অনেক প্রাণ ও জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমাদের জীবনযাত্রার বর্তমান ধরন পরিবর্তন করতে হবে। আমাদের যাতায়াত ব্যবস্থা যদি আমরা উন্নত করতে পারতাম, তাহলে ঢাকার ওপর এত চাপ পড়তো না। প্রকৃতির প্রতি ন্যায়বিচার করতে হলেই আমাদের লাইফ স্টাইল বা  জীবন ধারা পাল্টাতে হবে।

তিনি আরও বলেন, পলিথিনের বিকল্প কী হবে সেটা নিয়ে বিতর্ক করা একটি ‘অযৌক্তিক বিতর্ক’। আমরা যে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করছি সেটি ১০০ বছরেও মাটিতে ও পানিতে মিশবে না। এটি ভেঙে যাবে। ভেঙে গিয়ে মাইক্রো প্লাস্টিক হবে। সেই মাইক্রো প্লাস্টিকগুলো পর্যায়ক্রমে মানুষের শরীরে আসবে। এখন মায়ের দুধে, প্লাসেন্টাতে, রক্তে, লবণে এমনকি মানুষের মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিত মিলছে। সেখানে বিকল্প নিয়ে কথা বলাটা অদ্ভুত তর্ক। এখন পৃথিবীতে প্লাস্টিকের নিয়ন্ত্রণের জন্য আইন হচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটকে একটি বাজার প্রতিযোগিতায় নিয়ে আসা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি আরও বলেন, হাতি বাঁচানোর দায়িত্ব মানুষের।  হাতি কখনোই মানুষের ক্ষতি করে না— যদি না হাতিকে উত্ত্যক্ত করা হয়, ভয় দেখানো হয়। প্রকৃতি এবং মানুষের মধ্যে যে সহাবস্থান এটি নতুন প্রজন্মকে একেবারে হৃদয় দিয়ে ধারণ করতে হবে। নতুন প্রজন্মকে উদ্দেশ করে তিনি বলেন, পুরনো হয়ে যাওয়া, সেকেলে হয়ে যাওয়া, মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়— এমন মূল্যবোধকে আপনারা ধারণ করবেন না।  তিনি বলেন, এই প্রজন্মকে উন্নয়নের কথা নতুন করে ভাবতে হবে। শব্দদূষণ হোক, নদীদূষণ হোক, খাল বাঁচানো হোক, মাঠ বাঁচানো হোক যখন আমরা ডাক দেবো— তখন আপনারা সবাই আমাদের আহ্বানে এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এটি কোনও ব্যক্তি স্বার্থের কাজ নয়, এটি দেশ গড়ার কাজ। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে দেশ গড়ার কাজে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। 

 ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত  ছিলেন— ন্যাচার ক্লাবের চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ নুরুন্নবীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে ন্যাচার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
এই রহস্যময় শব্দ শুনতে পায় বিশ্বের ৪ শতাংশ মানুষ, আপনি কি তাদের একজন
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী