গ্র্যান্ড ভিশনের মাধ্যমে মেঘনা নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম খান। তিনি বলেন, উজান থেকে নেমে আসা ৫৬টি নদীর মূল চ্যানেল এ মোহনা। তাই ড্রেজিং অত্যাবশ্যক। কিন্তু এটি ব্যয়বহুল এবং এ ধরনের ড্রেজার আমাদের নেই। তাই সরকারের ভবিষ্যত পরিকল্পনা রয়েছে, গ্র্যান্ড ভিশনের মাধ্যমে এটি বাস্তবায়নের। শুক্রবার সকালে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার পাড়ে এক কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন কালে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী জানান, পরবর্তী সময়ে আরও চার কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। ভাঙন কবলিত পরিবারগুলোর পুনর্বাসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার ২ লাখ ৮৭ হাজার পরিবারকে এ বছর পুনর্বাসন করবে। ভাঙনের শিকার আটটি উপজেলার মধ্যে কমলনগর উপজেলাও অগ্রাধিকারে ভিত্তিতে রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ৪ (রামগতি-কমলনগর) সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন এমপি। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।
/এনএস/এফএস/ এমএনএইচ/








