ফেসবুক-ট্যুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান ও চাকরিজীবীদের জন্য নির্দেশিকা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৬’ শীর্ষক এ নির্দেশিকায় সরকারি প্রতিষ্ঠান ও চাকরিজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল, নাগরিকসুলভ আচরণ ও অনুশাসন মেনে চলতে বলা হয়েছে। নির্দেশিকায় সেরা পোস্ট, কমেন্ট বা পেইজ খোলার জন্য পুরস্কার দেওয়ার কথাও বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ থেকে জারি করা এই নির্দেশনার ভূমিকায় বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে পৃথিবীব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের ব্যবহারের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশেও ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উভয় পর্যায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে এ প্রবণতা লক্ষণীয়। সরকারি প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অগ্রণী ভূমিকা রাখছে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ৮০ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। অন্যদিকে বর্তমানে দেশব্যাপী আট শতাধিক সরকারি অফিস দাফতরিক কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এ পরিপ্রেক্ষিতে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্দেশিকা প্রণয়নের আবশ্যকতা দেখা দিয়েছে।
নির্দেশিকা জারির উদ্দেশ্য ও ব্যবহার প্রসঙ্গে বলা হয়, সরকারি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান ও কর্মচারীদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা।








