ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স।
রবিবার (৯ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা নিয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণসহ সব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবেন। এতে বাধা বা সহিংসতা করতে এলে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্যের ওপর আক্রমণ বরদাশত করা হবে না। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক পয়েন্টে তল্লাশি চৌকি বা চেকপোস্ট বসানো হয়েছে। রমজান এবং ঈদে জননিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।









