নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একটি অংশ আগামী ৩০ মার্চ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুই কিলোমিটার দীর্ঘ এ অংশটি হবে তেজগাঁও শিল্প এলাকার সাতরাস্তা থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত। বুধবার ‘ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অষ্টম বোর্ড সভা শেষে তিনি এ তথ্য জানান।
বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনের চৌদ্দতলায় অবস্থিত ডিটিসিএ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সেতুমন্ত্রী বলেন, ফ্লাইওভারের বাংলামোটর থেকে রাজারবাগ এবং রামপুরা আবুল হোটেল থেকে শান্তিনগর পর্যন্ত বাকি অংশের কাজ এ বছর ডিসেম্বর নাগাদ শেষ হবে। তিনি বলেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনে নটরডেম কলেজের সামনে থেকে কেরানীগঞ্জের কদমতলী পর্যন্ত একটি উড়াল সড়ক নির্মাণ করা হবে। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে উড়াল সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
ওবায়দুল কাদের জানান, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করবেন। তিনি বলেন, নগরবাসীর সুবিধার্থে ও যানজট নিরসনে আরও দু’টি মেট্রোরেল নির্মাণের প্রস্তুতি শুরু করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ইতোমধ্যে মেট্রোরেল রুট-১ ও রুট-৫ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে জাইকা’র সঙ্গে গত ১০ মার্চ মিনিটস্ অব ডিসকাশন বা এমওডি সই করা হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, উত্তরা থেকে শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেলের ডিপো নির্মাণসহ আনুষঙ্গিক কাজের চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে আগামী ২৭ মার্চ। এর মধ্যদিয়ে দেশের যোগাযোগ খাতে আরও একটি স্বপ্নের বাস্তবায়ন শুরু হবে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, রাজধানীতে ভবন নির্মাণে নকশা অনুমোদনের সময় গাড়ি পার্কিংয়ের বিষয়টি থাকলেও সেখানে গাড়ি রাখা হয় না। কোথাও রেস্টুরেন্ট অথবা অন্য কোনও স্থাপনা নির্মাণ করা হয়, রাজধানীর ৮০ শতাংশ ভবনের চিত্র এমনই। গাড়ি পার্কিংয়ের স্থানে যেসব স্থাপনা করা হয়েছে, সেগুলো আমরা উদ্ধার করছি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে রুট সংখ্যা কমিয়ে পাঁচটি রুটে পাঁচ রংয়ের বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দেড় বছরের মধ্যে ঢাকার রাস্তা থেকে পুরনো বাসগুলো উঠিয়ে নতুন তিন হাজার বাস নামানোর চেষ্টা চলছে। তিনি বলেন, অল্প সুদে ঋণ দিয়ে এ বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটাকায় বাস কিনবেন মালিকরা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ডা. এনামুর রহমান ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, ডিটিসিএ্-এর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন প্রমুখ।
/ওএফ/এমএনএইচ/








