ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে ৫৪ দশমিক ৫৬ শতাংশ। অপরদিকে দলটির প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি পেয়েছে ১৬ দশমিক ৭৮ শতাংশ ভোট। নির্বাচন কমিশন থেকে পাওয়া সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইউপি নির্বাচনে প্রথম ধাপে মোট ভোট পড়েছে ৭৪ শতাংশ।
নির্বাচন কমিশন বুধবার সন্ধ্যায় ৭১২টির মধ্যে ৫২২টি পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে। এতে দেখা গেছে ৫২২টির মধ্যে আওয়ামী লীগ ৩৯৪টি, বিএনপি ৩৫, জাতীয় পার্টি-জেপি ৭টি, ওয়ার্কার্স পার্টি ২টি, জাসদ ৩টি, জাতীয় পার্টি ১টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৭৯টি ইউনিয়ন পরিষদে বিজয়ী হয়েছে।
ভোটপ্রাপ্তির শতাংশ হারে দেখা গেছে, প্রদত্ত ভোটের মধ্যে জাতীয় পার্টি শূন্য দশমিক ৮৯ শতাংশ, জাতীয় পার্টি-জেপি শূন্য দশমিক ৯৭ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৩৪ শতাংশ, জমিয়তে উলামায়ে ইসলাম শূন্য দশমিক শূন্য ২ শতাংশ, জাসদ শূন্য দশমিক ৫৫ শতাংশ, ওয়ার্কার্স পার্টি শূন্য দশমিক ৫৩ শতাংশ, বিএনএফ শূন্য দশমিক ১ শতাংশ, সিপিবি শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ ও স্বতন্ত্র ২৩ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়েছে।
/ইএইচএস/এজে/








