কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরাতে বলা হয়েছে আদালতের রায়ে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে লড়েন আইনজীবী মনজিল মোরসেদ ও আসাদুজ্জামান সিদ্দিকী। রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
২০১২ সালের ২০ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ওই বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে এই রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওইদিন হাইকোর্ট রুল জারি করেন। কেন্দ্রীয় শহীদ মিনারের জমি রক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা সিটি করপোরেশন, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন), ঢাকার জেলা প্রশাসক ও শাহবাগ থানার ওসিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।
আদালতের আদেশ পাওয়ার পর ২৫ ফেব্রুয়ারি গণপূর্ত বিভাগ ওই মাজারের খাদেমের বসার জায়গা, অজুখানাসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়।
বিষয়টি আদালতে গড়ানোর চার বছর পর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার রায় দিলেন আদালত।
রায়ের পর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, জবাব চাওয়া হয়েছিল যাদের কাছে, তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে শহীদ মিনারে থাকা কবরটি ছাড়া অবৈধ সব স্থাপনা ভেঙে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
/ইউআই/ এএইচ/








