দেশের যোগ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। আমাদের মতো মন্ত্রী-প্রধানমন্ত্রী হবে।’
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তৎকালীন পাকিস্তান আমলে আমরা বৈষম্যের স্বীকার হয়েছি। আমাদের সম্পদ লুট করে নিয়ে যেত পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী। এমনকি আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলারও অধিকার তারা কেড়ে নিতে চেয়েছিল।’
তিনি বলেন, ১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন তিনি প্রথম রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ছয় দফা, সত্তরের নির্বাচন ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে তিনি দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যান। ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। জাতির শ্রেষ্ঠ সন্তানসহ শিশু-কিশোর-নারী-বৃদ্ধ, কাউকেই রেহাই দেয়নি তারা। ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। এর পরপরই তাকে গ্রেফতার করা হয়। তার আহ্বানে মানুষ স্বাধীনতা যুদ্ধ করে। ৯ মাসের যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
প্রধানমন্ত্রী তার ভাষণে আরও বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছরে পা দিয়েছি আমরা। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা এগিয়ে যাবো। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আর ২০৪০ সালের মধ্যে আমরা হবো উন্নত দেশ।’
/এসটি/








