বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনা ও বৈঠকের পর কর্তৃপক্ষের সম্মতি নিয়েই মেট্রোরেলের রুট চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন,মেট্রোরেল রুটে বিশ্ববিদ্যালয় এলাকায় শব্দ ও কম্পন নিরোধক সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেল প্রকল্পের কন্ট্রাক্ট প্যাকেজ-১ এর আওতায় মেট্রোরেলের ডিপো নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, শব্দ প্রতিরোধে দেয়ালে স্থাপন করা হবে নয়েজ ব্যারিয়ার। ফলে শব্দ মাত্রা উল্লেখযোগ্য পরিমাণ কমবে এবং মেট্রোরেলের চলাচলের কারণে এ এলাকায় বিদ্যমান শব্দের তীব্রতা কোনওভাবেই বাড়বে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এপ্রিলের শেষ সপ্তাহে রাজধানীতে মেট্রোরেলের নির্মাণকাজের সূচনা করবেন বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।
এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একাব্বর হোসেন, নাজমুল হক প্রধান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ মিকিও হাতেইদা উপস্থিত ছিলেন।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ মন্ত্রণালয় ও প্রকল্প সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের মেট্রোরেলের রুট এবং শব্দদূষণ বিষয়ক অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন,চুক্তি অনুযায়ী ৫’শ ৬৭ কোটি টাকা ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান উত্তরা ৩য় ফেজ এলাকায় মাটি ভরাট, ভূমি উন্নয়ন, মেট্রোরেল ডিপো নির্মাণসহ অন্যান্য কাজ সম্পাদন করবে। চুক্তি অনুযায়ী ২৫ মাসের মধ্যে একাজ সম্পন্ন করা হবে।
চুক্তিপত্রে টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অথরাইজড্ রিপ্রেজেন্টেটিভ হিরোসি আসাকামি এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসাইন নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
এসআই/ এপিএইচ/








