রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিভিন্ন দেশ সমবেদনা ও শোক প্রকাশ করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এক্স বার্তায় জানানো হয় ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিশুসহ অন্যরা নিহত ও আহত হওয়ায় সমবেদনা ও শোক প্রকাশ করেছে দক্ষিণ এশিয়া এবং অন্য অনেক দেশের জনগণ এবং নেতৃত্ব। এ কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ। #মানবতার জন্য #মানুষের সাথে #বন্ধুত্ব প্রকাশ হ্যাশ ট্যাগ করে।
এদিকে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক মন্ত্রী ক্যাথেরিন ওয়েস্টও এ ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন।
এক বার্তায় তিনি বলেন, ‘ঢাকার একটি স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত, যার ফলে অনেক শিশু হতাহত হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার সঙ্গে আমার সমবেদনা, বিশেষ করে নিহত এবং আহতদের পরিবারবর্গের প্রতি।’
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি উদ্বিগ্ন এবং দুঃখিত। আমাদের সমবেদনা ক্ষতিগ্রস্তদের এবং জরুরি পরিষেবা প্রদানকারীদের প্রতি।’









