সড়ক দুর্ঘটনা এড়াতে মৌচাক-মগবাজার ফ্লাইওভার এলাকায় ১৫ দিনের মধ্যে পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে গত ১৬ মার্চ ফ্লাইওয়ার থেকে রড পড়ে নিহত ইমনের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী,ঢাকার জেলা প্রশাসক,ঢাকার পুলিশ কমিশনার,প্রকল্প ব্যবস্থাপক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারী অমিত দাসগুপ্ত নিজেই শুনানি করেন। রিট আবেদনকারী অমিত দাসগুপ্ত জানান,গত ১২ মার্চ ফ্লাইওভার থেকে পাথর পড়ে গাড়ির কাঁচ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংশ্লিষ্টরা তা মেরামত করে দেয়। যে গ্যারেজে মেরামত করা হয়েছে, সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী এমন ২০০ গাড়িতে পাথর পড়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় রড পড়ে নির্মাণ শ্রমিক ইমন নিহত হন।
এসব দুর্ঘটনার বিষয় তুলে ধরে ফ্লাইওভার এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা ও ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে গত ১৯ মার্চ রিট আবেদন করলে আজ প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট।
/ইউআই/ এপিএইচ/








