সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম।
সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধান নিয়ে হাইকোর্টে চূড়ান্ত শুনানি হওয়ার কথা রয়েছে আজ সোমবার। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে তিন সদস্যের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামাল।
সোমবারের কার্যতালিকা অনুযায়ী বেলা ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত একত্রে বৃহত্তর বেঞ্চে বসবেন তিন বিচারপতি এবং শুনানির জন্য রিট পিটিশন নং ১৪৩৪/১৯৮৮ গ্রহণ করবেন।
গত ২৯ ফেব্রুয়ারি দীর্ঘ ২৩ বছর পর এই আবেদন শুনানির জন্য উত্থাপিত হলে শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করেন আদালত। পরে তা পরিবর্তন করে ২৮ মার্চ করা হয়।
গত ২৯ ফেব্রুয়ারি শুনানির দিন নির্ধারিত হওয়ার পর থেকে হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো এর বিরোধিতা করে আসছে। এরপর থেকেই একটু একটু করে সংগঠিত হতে শুরু করে জামায়াত, হেফাজতে ইসলামসহ আরও বেশকিছু ইসলামী সংগঠন। তাদের দাবি, রাষ্ট্রধর্ম পরিবর্তন করা যাবে না। এ ধরনের কোনও রিট শুনানিরও প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তারা।
এরই মধ্যে গত শুক্রবার রাজপথে প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজত। এরই ধারাবাহিকতায় আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জামায়াত।
/ইউআই/এসটি/এজে/







