
আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছেন। সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি চলছে।
আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আপিল বিভাগ। আদালত নিয়ে বিরূপ মন্তব্য করার নোটিশের ব্যাখ্যা খারিজ করে দিয়ে আগামী ৭ দিনের মধ্যে জরিমানার এ অর্থ জমা দিতে নির্দেশ দেওয়া হয়।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ রবিবার এ রায় দেন।
গত ৫ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার আপিল শুনানি পুনরায় করার দাবি জানান খাদ্যমন্ত্রী। ওই একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও ছিলেন এবং তিনিও মন্তব্য করেছিলেন এ বিষয়ে। এ বক্তব্য মিডিয়ায় প্রকাশের পর গত ৮ মার্চ খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে তলব করেন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করেন।
/ইএইচএস/এসটি/








