রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাইয়ের বর্ষপূর্তি ও ঘোষণা প্রদান অনুষ্ঠানে বিকাল থেকেই মানুষের উপস্থিতি বাড়ছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে দেখা গেছে বৃষ্টি উপেক্ষা করেই মিছিল নিয়ে আসছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরই মধ্যে মঞ্চে পরিবেশিত হচ্ছে দ্রোহের গান।
বিকাল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা থাকলেও বৃষ্টির কারণে মূল আয়োজন কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে অচিরেই তা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ইতোমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুই পাশের রাস্তা লোকে লোকারণ্য হয়ে পূর্বে খামার বাড়ি ও পশ্চিমে আড়ং মোড় পর্যন্ত ছড়িয়েছে।
পরিবার নিয়ে সেখানে এসেছেন জুরাইনের স্কুল শিক্ষক কাউছার আলম। তিনি বলেন, এই দিনটি আমাদের আবেগতাড়িত করে। কারণ, গত বছর স্বৈরাচার তাড়ানোর পর সর্বপ্রথম আমরা এখানেই ছুটে এসেছি। তাই এক বছর পর বৃষ্টির মধ্যেও এখানে আসলাম। তিনি মনে করেন জনতার ঐক্য থাকলে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস পাবেন না।








