প্রধান উপদেষ্টা জানিয়েছেন আজ থেকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৫, ২০:৪৮আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২১:১২

আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে আয়োজন করা।  বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আজকে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তার সূচনা বক্তব্যে বলেছেন, গত ৫ আগস্ট আমাদের অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু। এ লক্ষ্যে বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার দফতর থেকে কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলা হয়েছে। ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজন করার জন্য বলা হয়েছে।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। আমাদের পুরো ফোকাস নির্বাচনকে ঘিরে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এছাড়া আরও দুটা কাজ আছে আমাদের—একটা হলো সংস্কার, আরেকটা হচ্ছে ট্রায়াল।

আজকের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে কোনও কথা হয়েছে কিনা, জানতে চাইলে শফিকুল আলম বলেন, নির্বাচনের তারিখের বিষয়টা নির্বাচন কমিশন দেখেন। তবে যে টাইমলাইন অন্তর্বর্তী সরকার দিয়েছেন—এখন সেটা নির্বাচন কমিশন তারিখ জানাবেন। এটা ওনাদের দায়িত্ব, তারাই আপনাদের জানাবেন।

নির্বাচনে বিতর্ক এড়াতে এসপি ওসিদের লটারির মাধ্যমে নিয়োগ হবে। সেক্ষেত্রে ডিসি নিয়োগের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কথাবার্তা হচ্ছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আর এ বিষয়ে তেমন কোনও আলোচনা হয়নি। তবে সবার মূল ফোকাস হচ্ছে কীভাবে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন করা যায়। এটাই আমাদের প্রধান দায়িত্ব।

সেটা করার জন্য প্রশাসন কী ভূমিকা নেবে, জানতে চাইলে তিনি বলেন, এটা করার জন্য আমাদের প্রচুর মিটিং হচ্ছে। গত এক মাসে প্রধান উপদেষ্টা দুটা মিটিং করেছেন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীদের নিয়ে। অনেক কথাবার্তা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে—আনসার, পুলিশ এবং সেনাবাহিনী কতো বেশি নিয়োজিত করতে পারি। সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগে তো ছিল ৮ লাখের মতো, তবে এখন আরও  ৫০ হাজার দেওয়া যায় কিনা, সেই চিন্তাভাবনা করা হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে আগে এটা ধারণা দেওয়া হয়েছিল ৬০ হাজার সদস্য থাকবে। এখন চিন্তা করা হচ্ছে—কতো বেশি সংখ্যক নিয়োজিত করা যায়৷ এটা প্রতিনিয়ত রিভিউ হচ্ছে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বা এ ধরনের কোনও আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে প্রেস সচিব বলেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে হবে। সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যত দিন না পর্যন্ত তাদের লিডারদের ট্রায়ালটা শেষ হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ আস্থা তৈরি হয়েছে কিনা, প্রশ্নে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সেটা মোটামুটি সব রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে। তাদের সঙ্গে তো এর আগে অনেক দফা আলোচনা হয়েছে, সামনে আরও আলোচনা হবে। তাদের সঙ্গে আমাদের ডায়ালগ চলছে। আমরা নিশ্চিত যে আমাদের খুব ভালো একটা নির্বাচন হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেটা ফ্রি ফেয়ার হবে এবং উৎসবমুখর হবে। আমরা সবাই আনন্দের সঙ্গে ভোট দেবো। এতে কারও কোনও অভিযোগ থাকবে না।

এসময় তিনি জানান, শহীদ পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে একটি বিধিমালা করা হচ্ছে। সেটি খুব শিগগিরই প্রকাশ করা হবে। এতে সরকারি সহায়তার অংশ পরিবারের কে কতটুকু পাবে, তা স্পষ্ট করা হবে।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি