প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আসলে আমার কাছে মনে হয়— একটা সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে, দেশপ্রেম থাকে, তাহলে প্রবাসীদের জন্য আরও বেশি কাজ করা উচিত। এই কাজ আসলে এক বছরে করার কাজ না, আমরা যে কাজগুলো করেছি— সেগুলো সমাপ্ত করার জন্য রাজনৈতিক দলের নির্বাচনের সঙ্গে যে ম্যান্ডেট থাকে পাঁচ বছর, আসলে পাঁচ বছরের কাজ। পাঁচ বছরে কাজটা করে প্রবাসীদের জন্য অনেক বেশি উন্নত করে সত্যিকারের সংস্কার আনা সম্ভব।
বুধবার (২০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অগ্রগতির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, প্রবাসীদের জন্য অনেক কিছু করার আছে, আমাদের সবচেয়ে দরিদ্র অসহায় মানুষরা, অনেকেই সর্বস্ব বিক্রি করে বিদেশে গিয়ে প্রতারিত হন, কষ্ট ও দুর্ভোগে থাকেন। আমাদের ওপর ওনাদের অনেক ক্ষোভ থাকে—আমরা কী করছি, কিছু করছি না কেন। আমরা এটুকু বলতে পারি, আমরা ভিত্তি করে দিয়ে গিয়েছি। ইনশাআল্লাহ, আশা করবো পরবর্তীকালে যারাই ক্ষমতায় আসবে, এগুলো অব্যাহত রাখবে এবং আমাদের প্রবাসীরা যেন প্রবাসে সুখে, আনন্দে এবং সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন—এরকম একটা বাংলাদেশ যেন আমরা গড়তে পারি।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনামূল্যে সেবা প্রদানের জন্য ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) উদ্বোধন করা হয়। বুধবার (২০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
উপদেষ্টার একান্ত সচিব সারওয়ার আলম জানান, এটি একটি সমন্বিত অনলাইন পদ্ধতি, যা বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী ব্যক্তির, রিক্রুটিং এজেন্সি, বিদেশি নিয়োগকর্তা, বাংলাদেশ মিশন এবং বিএমইটি প্রশিক্ষণ ও ছাড়পত্র প্রদান করতে পারবে।
তিনি জানান, সরকারের নিজস্ব এই ডিজিটাল প্ল্যাটফর্মে শতভাগ অনলাইনে বিএমইটি কর্তৃক সরাসরি বহির্গমন ছাড়পত্র প্রদান করা হচ্ছে। যার ফলে বিদেশ গমনেচ্ছু কর্মীরা স্বল্প সময়ে এবং কম অভিবাসন ব্যয়ে বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশ গমন করছেন।
এ ছাড়া, বৃহত্তর ২১টি জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) থেকে বহির্গমন ছাড়পত্র বিকেন্দ্রীকরণের নিমিত্ত প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।








