
আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হওয়া দুই মন্ত্রীর স্বপদে বহাল রাখা কেন অবৈধ, অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহের শামিল হবে না- তা জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু।
নোটিশে বলা হয়, আপিল বিভাগে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন। এ অবস্থায় দুই মন্ত্রীই দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তারা স্বপদে বহাল থেকে বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করে অবাধে চলাফেরা করছেন। যা সম্পূর্ণ অনৈতিক, দেশ ও জাতির জন্য লজ্জার। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জনস্বার্থে এ বিষয়ে ব্যাখ্যা লিখিত আকারে জানানোর জন্য এবং প্রকাশ ও প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তা না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আদালত অবমাননার অভিযোগে রবিবার খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আপিল বিভাগ। আদালত নিয়ে বিরূপ মন্তব্য করার নোটিশের ব্যাখ্যা খারিজ করে দিয়ে আগামী ৭ দিনের মধ্যে জরিমানার এ অর্থ জমা দিতে নির্দেশ দেওয়া হয়।
গত ৫ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার আপিল শুনানি পুনরায় করার দাবি জানান খাদ্যমন্ত্রী। ওই একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও ছিলেন এবং তিনিও মন্তব্য করেছিলেন এ বিষয়ে। এ বক্তব্য মিডিয়ায় প্রকাশের পর গত ৮ মার্চ খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে তলব করেন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করেন।
/ইউআই/এসটি/








