জুলাই জাতীয় সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডেপুটি স্পিকারের নাম নির্ধারণ করতে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কোন দল পাবে— এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ সই হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে আমরা তা বাস্তবায়ন শুরু করতে চাই। সে কারণেই আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকারের নাম নির্ধারণ করে। স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন, সেই আহ্বান জানানো হয়েছে।”
এবারই কী উচ্চকক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে— এমন প্রশ্নে তিনি বলেন, “বিষয়টি আলাপ-আলোচনার। তবে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব এখনই করা হয়েছে। চাইলে সরকারি দল স্পিকার ও ডেপুটি স্পিকার, দুটি পদই নিতে পারে। কিন্তু জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। সে বিবেচনায় আমরা গুডউইলের অংশ হিসেবে এ প্রস্তাব দিয়েছি।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “সংবিধানে নেই, এমন কোনও বিষয় সংসদে উত্থাপন করা যায় না। প্রয়োজন হলে সংবিধান সংশোধনের মাধ্যমে তা আনা যেতে পারে এবং সংবিধান সংস্কার পরিষদে আলোচনার জন্য তোলা যেতে পারে। সংবিধানে অন্তর্ভুক্ত না করে কোনও কিছু বাস্তবায়ন সম্ভব নয়।”
সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলেও তিনি জানান।









