ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবার বক্তব্য দিতে গিয়ে মাইক বিভ্রাটের মুখে পড়েন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একপর্যায়ে জোহরের আজান শুরু হলে তিনি ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন। তখন তাকে একটি হ্যান্ডমাইক ব্যবহার করতে দেখা যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদের অধিবেশনে আধা ঘণ্টার বিরতি দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভবনে তার কার্যালয়ে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান।
বিরতির পর বেলা ১২টা ৫৭ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার আসনে বসেন। দিনের কর্মসূচি শুরু করার আগে তিনি মাইক অন করলেও সেটি কাজ করছিল না। এতে সংসদ সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তৎপর হয়ে ওঠেন। বারবার মাইক পরীক্ষা করা হলেও সেটি সচল করা সম্ভব হয়নি। পরে স্পিকারের কাছে একটি হ্যান্ডমাইক দেওয়া হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হওয়ায় সংসদ সদস্যদের ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বলেন, ‘যান্ত্রিক গোলযোগের কারণে কথাবার্তা শোনা যাচ্ছে না। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মূল মাইকটি কাজ করছে না, তাই হ্যান্ডমাইকে কথা বলছি। আশা করি শিগগিরই এই সমস্যার সমাধান হবে।’
হ্যান্ডমাইক ব্যবহার করে স্পিকার বলেন, ‘আমাকে নির্বাচিত করায় আমি সংসদের প্রত্যেক সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৭ বছর পর আমরা একটি কার্যকর সংসদ পেয়েছি।’
এ সময় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন দাঁড়িয়ে বলেন, ‘মাননীয় স্পিকার, আপনার কোনও কথা শুনতে পাচ্ছি না।’ জবাবে স্পিকার বলেন, ‘ধৈর্য ধরুন, যান্ত্রিক ত্রুটি হয়েছে। দুই মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে।’
এর মধ্যেই জোহরের আজান শুরু হলে স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন।









