ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এর আগে রবিবার (১৫ মার্চ) বসবে দ্বিতীয় অধিবেশন। এরপর ১৬ মার্চ থেকে মুলতবি হবে। পরে ২৯ মার্চ আবার সংসদ বসবে। এর মধ্যে ১৩৩টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আলোচনা হবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এসব তথ্য জানিয়েছেন।
বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়ীত্বকাল নিয়ে আলোচনা করা হয়।
এতে আরও জানানো হয়েছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোনও বিষয় পরিবর্তনের জন্য স্পিকারকে ক্ষমতা দেওয়া হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) এ ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
বৈঠকে আরও ছিলেন– সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম; বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সে অধিবেশনে স্পিকারকে সভাপতি করে কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়। গঠন করা হয় আরও চারটি কমিটি।








