আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় চার হাজার কোটি টাকা বাড়িয়ে ৩১ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বীক্রমের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশের ৫৫তম এই বাজেট বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেট।
প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য মূল বাজেটে বরাদ্দ ছিল ২৭ হাজার এক কোটি টাকা। সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকায়। সে হিসাবে নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় চার হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।
প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্মতির পর নতুন অর্থবছরের বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।








