সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশার জন্য শিশুরা ছোটবেলা থেকেই প্রস্তুত হলে তা বাংলাদেশকে লক্ষ্যপূরণে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে প্রতিষ্ঠিত ভিডিও নিউজ সার্ভিস ‘প্রিজম’ উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের শিশুদের খবর শিশুদের মাধ্যমেই নীতি-নির্ধারকদের সামনে মেলে ধরার লক্ষ্য নিয়ে রবিবার যাত্রা শুরু করেছে ‘প্রিজম’। ইউনিসেফের সহায়তায় এই ওয়েবসাইটটি খোলা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই এই উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি রিয়েলি এক্সাইটেড। আজকের প্রোগ্রামটি খুব দারুণ। বাংলাদেশে প্রথম যে উদ্যোগটি গ্রহণ করেছে ভিডিও নিউজ সার্ভিস প্রিজম তা দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য বিশেষ সুযোগ। শিশুরা যখন নিজেদের প্রস্তুত করে নিতে পারবে, তখন লক্ষ্যে পৌঁছে যাবে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। আর শিশু বয়সেই যদি তারা নিজেদের প্রস্তুত করতে পারে, তবে আমরা মনে করব, তারা দেশকে এগিয়ে নেবে। তারা দিতে পারবে অনেক কিছু।’
গত এক বছরে বাংলাদেশে শিশু নির্যাতনের কয়েকটি ঘটনা ছিল তুমুল আলোচিত। নির্যাতনে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে কয়েকটি। এসব ঘটনা প্রতিরোধে প্রিজমের ভূমিকা প্রত্যাশা করে মেহের আফরোজ বলেন, ‘তারা (শিশুরা) নিজেদের সমস্যার কথাও অনেক সময় বুঝতে-জানতে পারে না। এখন প্রিজমের সুযোগকে কাজে লাগিয়ে তারা সমস্যা জানতে পারবে, বুঝতে পারবে। পাশাপাশি অভিভাবকদের বলতে পারবে সমস্যার কথা।’
বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৪৫ শতাংশই ১৮ বছরের নিচে এবং তরুণ প্রজন্মের সংখ্যা ৩২ শতাংশের উপরে- এই তথ্য জানিয়ে তিনি বলেন, ‘এ সংখ্যাটি আমাদের জন্য নিঃসন্দেহে সম্পদ। তবে শুধু মুখে সম্পদ বললে হবে না। তাদের যদি আমরা কাজে লাগাতে না পারি, অনেক অনেক সুযোগ না দিয়ে যেতে পারি; তাহলে তা অ্যাসেট না হয়ে বার্ডেনে পরিণত হবে।’
উল্লেখ্য, শিশুদের খবর নিয়ে শিশুদের পরিচালিত বিশেষায়িত ওয়েবসাইট ‘হ্যালো’র পর ‘প্রিজম’-এ হাত দিয়েছে বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সমাজের বিভিন্ন স্তর থেকে বাছাই করা শিশুদের গত বছর থেকে প্রশিক্ষণ দিয়ে ব্রডকাস্ট সংবাদকর্মী হিসেবে গড়ে তোলা হয়েছে। এক্ষেত্রে শিশুরাই সংবাদের বিষয়বস্তু ঠিক করে, সম্পাদকমণ্ডলীর সদস্যরা কেবল সহযোগিতা করেন শিশুদের ধারণাকে প্রকাশ করতে।
প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোণা ও বান্দরবানের ১০৫ জন শিশু প্রিজমের সঙ্গে কাজ করছে। বিশ্বে ‘শিশুদের জন্য এবং শিশুদের নিয়ে’ এ ধরনের উদ্যোগ এটাই প্রথম বলে জানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
প্রিজমের উদ্যোগকে ‘নতুন ইতিহাসের সূচনা’ হিসেবে অভিহিত করেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ লিয়ানি কুপেনস। তিনি বলেন, ‘বাংলাদেশের শিশুদের জন্য এটি নতুন একটি ইতিহাসের সূচনা হয়েছে। ইউনিসেফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে যৌথভাবে শিশুদের একটি ক্ষেত্র তৈরি করে দিয়েছে, যেখানে ব্রডকাস্ট মিডিয়ায় তারা নিজেদের উদ্বেগ ও আকাঙ্ক্ষার প্রকাশ ঘটাতে পারবে।’
/এফএস/এজে/








